ক্রিকেট ও শ্রীলঙ্কার জয়
বৃষ্টি যথাসাধ্য চেষ্টা করেছে গতকালও। তবে এবার জয়ী ক্রিকেটই। তিনটি টেস্ট ও একটি ওয়ানডের পর অবশেষে কাল ফলাফল দেখল শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। উপুল থারাঙ্গার অপরাজিত সেঞ্চুরিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ না-হারাও নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচ পরশু।কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের ব্যাটিং-বান্ধব উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ২০৩ রানে আটকে আসল কাজটা করে দিয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররাই। বারাথ-গেইল উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪৫ রান। তবে তিন বলের মধ্যে এই দুজনের বিদায়ের পর আর ডানা মেলতে পারেনি ক্যারিবীয়দের ইনিংস। ব্রাভো ভাইদের ৩৯ রানই দলের সর্বোচ্চ। ৩টি ছয় মেরেছেন ছোট ভাই ড্যারেন, তার পরও বল লেগেছে ৬৪টি। আগের ম্যাচের মতো কালও পুরোনো বলে ৩ উইকেট নিয়েছেন মালিঙ্গা। প্রথম বলেই গেইলকে আউট করা মুরালিধরন পরে উইকেট নিয়েছেন আরও একটি।শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারে নামা বৃষ্টিতে খেলা আধঘণ্টা বন্ধ থাকায় লক্ষ্য পুনর্নির্ধারিত হয় ৪৭ ওভারে ১৯৭। সাবধানী শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি দিলশান-সাঙ্গাকারা। তবে তৃতীয় উইকেটে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে লক্ষ্যে পৌঁছে দেন থারাঙ্গা-জয়াবর্ধনে। ১৪৩ বলের ইনিংসটি থারাঙ্গার ক্যারিয়ারের নবম, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২০৩ (গেইল ২৮, বারাথ ১২, ড্যারেন ব্রাভো ৩৯, সারওয়ান ২১, ডোয়াইন ব্রাভো ৩৯, পোলার্ড ৪, বাফ ২৮, স্যামি ৪, মিলার ০, রামপল ১, রোচ ৯; মালিঙ্গা ৩/৩০, কুলাসেকারা ২/৪২, মুরালিধরন ২/৪২, হেরাথ ১/৩৩)। শ্রীলঙ্কা: ৪২.৩ ওভারে ১৯৯/২ (লক্ষ্য ৪৭ ওভারে ১৯৭) (থারাঙ্গা ১০১*, দিলশান ১১, সাঙ্গাকারা ২০, জয়াবর্ধনে ৪৮*; রামপল ১/২৭, ডোয়াইন ১/২৯)। ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: উপুল থারাঙ্গা।