ক্রিকেট খেলা ল্যাপটপে হয় না: আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আকরাম পাকিস্তানের বোলিং কোচ হওয়ায় অবাক হয়েছেন অনেকেই। এমন কোনো সমৃদ্ধ ক্যারিয়ার নেই, আন্তর্জাতিক অভিজ্ঞতা বলতে নয়টি টেস্ট ও ২৩টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নামা। প্রথম শ্রেণীর ক্রিকেটটা দীর্ঘদিন খেললেও তুলনায় তিনি আসেন না অনেকের সঙ্গেই। ফাস্ট বোলারের দেশ‎—ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আকিব জাভেদের মতো বোলিং তারকারা যে দেশের হয়ে মাঠ মাতিয়েছেন, সে দেশেরই বোলিং কোচ কিনা একজন আপাত অখ্যাত ক্রিকেটার! তার ওপর যাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল এর আগে।মোহাম্মদ আকরাম নিজে অবশ্য এগুলো কোনো অসুবিধা বা তাঁর কাজের বাধা মনে করেন না। তাঁর মতে, ক্রিকেটটা মাঠে খেলা হয়, কারও ল্যাপটপে নয়। তিনি মনে করেন, মাঠে ক্রিকেট খেলেই তিনি অনেক কিছু জেনেছেন, শিখেছেন; যেগুলো পাকিস্তানের বোলিং কোচ হিসেবে তিনি প্রয়োগ করতে পারবেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি পাকিস্তান দলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আকরাম। আন্তর্জাতিক ক্রিকেটে তখন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও আকিব জাভেদের দাপট। এমন একটা সময়ে অভিষিক্ত হওয়ায় খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ২০০১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দলে যাওয়া-আসার মধ্যেই ছিলেন। খেলা হয়নি বড় কোনো টুর্নামেন্ট। ২০০৭ সালে তিনি ছেড়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। এরপর ইংল্যান্ডে গিয়ে ক্রিকেটের ওপর করেছেন ছোটখাটো কিছু কোর্স। এদিক-ওদিক ক্রিকেটের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। কিন্তু ওসব অভিজ্ঞতা পাকিস্তানের মতো একটি দলের বোলিং কোচ হওয়ার জন্য যথেষ্ট ছিল না। যথেষ্ট ছিল না বলেই এর আগে আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি।এর পরিপ্রেক্ষিতে আকরামের বক্তব্যটা খুবই সহজ ও সাদামাটা। তিনি বলেছেন, ‘কোচ হিসেবে আমার প্রোফাইল অবশ্য খুব সমৃদ্ধ নয়, কিন্তু আমি ক্রিকেটটা যথেষ্ট পরিমাণে খেলেছি। মাঠে খেলে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা হেলাফেলার মতো নয়।’তিনি বলেন, ‘আমি যখন ক্রিকেট খেলেছি, তখন গ্রাহাম গুচ, স্টিভ রিক্সন ও জাভেদ মিয়াঁদাদের মতো গ্রেট ক্রিকেটারের সান্নিধ্য পেয়েছি। তাঁদের কাছ থেকে অনেক শিখেছি। ওসব আমার কোচিং ক্যারিয়ারকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। তিনি বলেন, এর চেয়েও বড় কথা, আমি একজন পাকিস্তানি। আমি রাওয়ালপিন্ডি থেকে বাহওয়ালপুর পর্যন্ত পুরো দেশেই ঘুরে ঘুরে ক্রিকেট খেলেছি। আমি পাকিস্তানের ক্রিকেট বুঝি। এর সমস্যাগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল।’গত মার্চে আকিব জাভেদ পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করে দায়িত্ব নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের। এরপর থেকে এ পদটি খালি ছিল। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে আছেন আকরাম। আপাতত পাকিস্তান দলে ব্যাকআপ বোলার তৈরি করে বেঞ্চকে শক্তিশালী করাই তাঁর মুখ্য উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।তিনি বলেন, ‘আমার মূল লক্ষ্য সহজভাবে সবকিছু করা।’ এখনই দলে বড় ধরনের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। উমর গুলের সমস্যা মাথায় আছে জানিয়ে আকরাম বলেন, ‘গুলকে খুব দ্রুতই তাঁর সেরা ফর্মে ফিরতে হবে। আমার মনে হয়, তিনি তা পারবেন। এ জন্য তাঁকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে।’ ক্রিকইনফো।