ক্রিকেট ছাড়বেন অভিমানী সামারাবীরা
মাহেলা জয়াবর্ধনে ইনজুরিতে। বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের ২০ সদস্যের প্রাথমিক দলে তাঁর বদলি হিসেবে রাখা হয়েছিল থিলান সামারাবীরাকে। কিন্তু ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার সময় দেখা গেল তাঁর নাম নেই। এ ঘটনায় ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেটকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী সামারাবীরা।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গাকে দেওয়া চিঠিতে সামারাবীরা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর অংশ নেবেন না তিনি। তবে তা গ্রহণ না করে সামারাবীরাকে আলোচনার প্রস্তাব দিয়েছেন রানাতুঙ্গা।কলম্বোয় সাংবাদিকদের রানাতুঙ্গা বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচকদের সঙ্গে তাত্পর্যপূর্ণ আলোচনা করতে থিলানকে অনুরোধ জানিয়েছি আমরা। দলের জ্যেষ্ঠ ক্রিকেটাররা যেখানে ইনজুরি সমস্যায় ভুগছেন, সেখানে তাঁর অভিজ্ঞতা জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ।’২০০১ থেকে এ পর্যন্ত দেশের হয়ে ৮১টি টেস্টে অংশ নিয়েছেন সামারাবীরা। ৪৮.৮৬ গড়ে তাঁর সংগ্রহ ৫ হাজার ৪৬২ রান। ৫৩টি ওয়ানডে ক্যারিয়ারে মিডল অর্ডার এই ব্যাটসম্যানের সংগ্রহ ৮৬২ রান।