ক্রিকেট ছাড়লেন টাইবু!
কারণটা ধর্ম। ধর্ম-কর্ম ঠিকমতো করার জন্যই আর ক্রিকেট খেলবেন না জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু। বাকি জীবনটা এক চার্চের হয়ে ঈশ্বরের সেবা করে যাবেন তিনি। তাই ২৯ বছর বয়সে ক্যারিয়ারের উত্তুঙ্গ সময়ে খেলাই ছেড়ে দিলেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করা এই ক্রিকেটার।গতকাল সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমার মনে হচ্ছে ঈশ্বরের সেবা করার মধ্যেই আমার কল্যাণ নিহিত রয়েছে। আমি সৌভাগ্যবান যে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছে। তবে আমি মনে করি নিজের মনোযোগটা জীবনের এই কল্যাণকর অংশে নিয়ে আসার এটাই গুরুত্বপূর্ণ সময়।’২০০১ সালে মাত্র ১৮ বছর বয়সে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় তাঁর। ২০০৫ সাল পর্যন্ত তিনি ছিলেন জিম্বাবুয়ে দলে সুযোগ পাওয়ার ব্যাপারে অপ্রতিদ্বন্দ্বী। ওই বছরই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন টাইবু। জাতীয় দল থেকে সরে দাঁড়ান। অধিনায়কত্বও হারান। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় চলে গিয়ে প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ খুঁজতে থাকেন। তবে ২০০৭ সালেই আবার জিম্বাবুয়েতে ফিরে আসেন।জিম্বাবুয়ের হয়ে ২৮টি টেস্ট ও ১৫০টি একদিনের ম্যাচে মাঠে নেমেছেন টাইবু। ২০০৫ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে তাঁর অনবদ্য ৮৫ ও ১৫৩ রান তাঁর ক্যারিয়ারের সেরা দুটি ইনিংস।খোলামেলা কথা বলেও অনেকবারই বিতর্কে জড়িয়েছেন টাইবু। তিনি একবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সমালোচনা করে বলেছিলেন, তাঁর দেশে ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য বোর্ড নাকি যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছে না। ওয়েবসাইট।