ক্রিকেট ছেড়ে অনেক দূরে লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন গলফেই সময় কাটে লারার। ফাইল ছবি
এখন গলফেই সময় কাটে লারার। ফাইল ছবি

ক্রিকেটকে নাকি একদমই মিস করেন না ব্রায়ান লারা! এ কেমন কথা! যে খেলাটি তাঁকে এত কিছু দিয়েছে, সেটা তিনি মিস করেন না! এটাই নাকি সত্যি। লারার কাছে ক্রিকেটহীন জীবনটাকেই বরং অনেক বেশি স্বাভাবিক মনে হয়। কখনো মনে হয় না, একটা সময় এই খেলাটিই থাকত তাঁর ভাবনার আকাশজুড়ে। এই খেলাটিই ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট ছেড়ে দিয়ে সে সময়টা গলফকে দিয়েই যে বর্তে গেছেন ক্রিকেটের অন্যতম এই কিংবদন্তি!

লারার ব্যাট একসময় নাকের জল-চোখের জল এক করেছে অসংখ্য বোলারের। লারার ব্যাট চিঁড়ে ফালা ফালা করে দিয়েছে কত দলের স্বপ্ন! টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড যে মানুষটির, তিনি নাকি এখন আর ব্যাট ছুঁয়েই দেখেন না। ব্যাপারটি খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন লারা, ‘আসলে সময় হয় না।’ তাহলে তাঁর বহু দিনের ক্রিকেট সরঞ্জামাদি কি সব বেহাত হয়ে গেছে? নির্লিপ্ত লারা নাকি অন্যদের মধ্যে বেশির ভাগই বিলিয়ে দিয়েছেন! তবে ৫০১ আর ৪০০-এর ইনিংস খেলা ব্যাট দুটো আজও রেখে দিয়েছেন সযত্নে, ‘ওগুলো হাতছাড়া করিনি। স্মৃতি হিসেবে রেখে দিয়েছি।’

এখন গলফই ধ্যান-জ্ঞান। সারা পৃথিবী ঘুরে বেড়ান এই গলফের জন্য। ওয়েস্ট ইন্ডিজের গলফ কোর্সগুলোর নিয়মিত খেলিয়ে লারা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য—তাঁর গলফ খেলার জায়গার নাম বলতে গিয়ে অনেক শব্দ খরচ করতে হবে। এই মুহূর্তে লারার অবস্থান ভারতে। কলকাতা, মুম্বাইয়ের বিভিন্ন কোর্সে তিনি গলফ খেলবেন। তবে এই সফরে লারা দেখতে চান টেন্ডুলকারের বিদায়।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মানেই তো শচীন টেন্ডুলকার। তাঁর বিদায়ি সিরিজ। একটা সময় শ্রেষ্ঠত্বের ব্যাপারে দুজনের মধ্যে তুলনা চলত। কে সেরা, লারা না শচীন—এ নিয়ে চলত বিস্তর বিতর্ক। গোটা ক্রিকেট বিশ্বই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এই বিতর্কে। কিন্তু একটা সময় নিজে থেকেই যেন নিজেকে এ লড়াইয়ের বাইরে নিয়ে গেলেন।

ব্যাপারটি নিয়ে এখন আর ভাবেন না লারা। যে লড়াইয়ে নিজে থেকে কোনো দিন ছিলেন না, সে কথা ভেবে লাভ কী! তবে ব্যাটসম্যান হিসেবে টেন্ডুলকারের প্রতি অশেষ শ্রদ্ধা তাঁর। লিটল মাস্টারকে ক্রিকেটেরই সেরা ব্যাটসম্যান হিসেবে মনে করেন তিনি। তবে টেন্ডুলকারকে সেরা বলার ক্ষেত্রে তাঁর রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি, ‘মোহাম্মদ আলী যদি বক্সিংয়ের সেরা হন, ক্রিকেটের সেরা টেন্ডুলকারই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’ মুম্বাইয়ে টেন্ডুলকারের শেষ টেস্টটির সময় ওয়াংখেড়েতেই থাকবেন লারা। মুম্বাই পৌঁছে প্রথমে দেখা করবেন টেন্ডুলকারের সঙ্গে। শুভ কামনা জানাবেন প্রিয় বন্ধুকে! বিদায় বেলায় লারার শুভ কামনা নিশ্চয়ই আপ্লুত করবে টেন্ডুলকারকে!