ক্রিকেট জুয়াড়িদের কঠোর শাস্তির পক্ষে মুরালিধরন
২০১০ সালে পাকিস্তানের তিন ক্রিকেটারের স্পট-ফিক্সিং কেলেঙ্কারির পর সম্প্রতি আবারও ক্রিকেট-বিশ্ব আলোড়িত হয়েছে দুর্নীতির সঙ্গে খোদ আম্পায়ারদের জড়িত থাকার খবরে। অভিযুক্ত ওই ছয় আম্পায়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিসি। এর আগে পাকিস্তানের তিন ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির—স্পট ফিক্সিংয়ে জড়ানোর শাস্তিস্বরূপ বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা পেয়েছেন। তবে ক্রিকেট অঙ্গনে যাঁরা এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়াবেন, তাঁদের আজীবন নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয়জন আম্পায়ার টাকার বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হয়েছিলেন বলে জানিয়েছে ভারতের একটি টেলিভিশন চ্যানেল। গত বুধবার এই আম্পায়ারদের সাময়িক বরখাস্ত করে ব্যাপারটা তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ ও পাকিস্তানের নাদিম ঘাউরি অবশ্য এ অভিযোগের সত্যতা স্বীকার করেননি। তবে শেষ পর্যন্ত দোষী প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলার বলেছেন, ‘অবশ্যই, যারা এ ধরনের কাজ করে, তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত। কোনো পর্যায়েই তাদের ছাড় দেওয়া উচিত নয়। আমার মতে, আইসিসি সঠিক কাজটাই করছে। যদি এই আম্পায়াররা দোষী প্রমাণিত হয়, তাহলে তাদের কঠোর শাস্তি দিতে হবে।’দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আইসিসির ভূয়সী প্রশংসা করেছেন মুরালিধরন। আর ম্যাচ পাতানোর এ ঘটনাগুলো প্রকাশিত হয়ে যাওয়াটাও ক্রিকেটের জন্য অগ্রগতি বলেই মনে করছেন সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার। তিনি বলেছেন, ‘সমাজে ভালো ও খারাপ— দুই ধরনের মানুষই থাকে। আর এখন সৌভাগ্যক্রমে দুর্নীতিপরায়ণ মানুষগুলো ধরা পড়ে যাচ্ছে। এর মানে, ক্রিকেট অঙ্গনটা দিন দিন পরিচ্ছন্ন হয়ে উঠছে। আমার মনে হয়, আইসিসি এ ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখছে।’ রয়টার্স