ক্রিকেট থেকে দূরে ক্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রো
ক্রো

মরণব্যাধি ক্যানসার। ক্রিকেট আর ক্রিকেটারদের জন্য যেন নতুন এক আতঙ্ক। যে ব্যাধি কেড়ে নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক ও ভাষ্যকার টনি গ্রেগ, ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিকস আর ইংল্যান্ডের গ্রাহাম ডিলির মতো নামী ক্রিকেটারদের প্রাণ। আবার অনেক সাহসী ক্রিকেটার ক্যানসারকে দেহমাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। জিওফ বয়কট, অ্যান্ডি ফ্লাওয়ার আর যুবরাজ সিং আছেন এই তালিকায়। ক্যানসারজয়ী এসব ক্রিকেটারের নামের তালিকায় সর্বশেষ সংযোজন মার্টিন ক্রো। গত বছর পাকস্থলীতে ক্যানসার ধরা পড়ে সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের, আপাতত সেরে উঠেছেন। কিন্তু ভবিষ্যতে যাতে এ মরণব্যাধি আর ফিরে আসতে না পারে, সে জন্য ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তাঁর সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন, নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা ব্যাটসম্যান হিসেবেও মনে করা হয় ক্রোকে। অবসর নেওয়ার পরেও এত দিন জড়িয়ে ছিলেন ক্রিকেটের সঙ্গে। নিউজিল্যান্ড ক্রিকেটের যেকোনো ভালোমন্দ এখনো তাঁকে ভাবায় আগের মতোই। এই ভাবনাটাই নাকি তাঁর এই অসুখটাকে নিয়ে গিয়েছিল আরও খারাপের দিকে। বিশেষ করে রস টেলরকে যখন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, দুশ্চিন্তা পেয়ে বসেছিল তাঁকে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওপর ভীষণ ক্ষোভ হয়েছিল তাঁর। ক্রোর কথা, ‘রসের প্রতি যা হয়েছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না। আমার গত ২০ বছরের সমস্ত জমানো ক্ষোভ গিয়ে পড়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওপর। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়।’

তবে আশার কথা, ভালো হয়ে উঠেছেন ক্রো। তবে শরীর ও মনের ওপর অতিরিক্ত ধকল মরণব্যাধিটাকে আবার ফিরিয়ে আনতে পারে বলে তাঁকে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকেরা। ক্রোও তাই সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলবেন।

সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু সেটা কত দিন মেনে চলতে পারবেন, তা নিয়ে যেন নিজেই সন্দিহান সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক, ‘এটা এক ধরনের আসক্তি, ঠিক যেন মদ্যপ লাগে আমাকে। পাঁচ বছর বয়সে যখন আমি প্রথম ব্যাট ধরেছিলাম, তখন থেকে এটা আমার রক্তে মিশে আছে।’ এএফপি।