ক্রিকেট থেকে নির্বাসিত শরিফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো আর স্পট ফিক্সিংয়ের এই যুগে কিছু সন্দেহ, ফিসফাস বাংলাদেশেও হয়। তবে সবচেয়ে বড় আলোচনাটি হয়েছে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলের শুরুতে। মাঝে দীর্ঘ বিরতির পর কাল চমকের মতো করেই আপাতত শেষ হলো বিপিএলের স্পট ফিক্সিং বিতর্ক। অভিযুক্ত সাবেক জাতীয় ক্রিকেটার শরিফুল হককে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে বিসিবি।কাল বিসিবির পরিচালনা পর্ষদের এক সভা শেষে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, ‘তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে শরিফুল হককে অনির্দিষ্টকালের জন্য বিসিবির আওতাধীন সব ধরনের ক্রিকেট এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। তিনি মাঠেও আসতে পারবেন না। তবে ভবিষ্যতে বোর্ড যদি মনে করে তিনি নিজেকে সংশোধন করেছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’ শরিফুল চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। যদিও বিসিবির সিদ্ধান্তের ব্যাপারে কালই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। টেলিফোনে শুধু বলেছেন, ‘আমি এখনো বোর্ডের কাছ থেকে কিছু জানিনি। বোর্ড আমাকে তাদের সিদ্ধান্ত জানালে এ ব্যাপারে মন্তব্য করব।’ বাংলাদেশের ক্রিকেটে এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠেনি। শাস্তির ঘটনাও তাই এটিই প্রথম।বিপিএলের প্রথম আসরের শুরুতেই ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অভিযোগ করেছিলেন, জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার নাকি তাঁকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন। বিষয়টা তদন্ত করতে বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তদন্তে বেরিয়ে আসে শরিফুলের নাম। তবে শরিফুল শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।তদন্ত করতে গিয়ে তদন্ত কমিটি মাশরাফির অভিযোগ সম্পর্কে নিশ্চিত হলেও অভিযুক্ত ক্রিকেটার যে শরিফুলই, গতকালের আগ পর্যন্ত সেটা আনুষ্ঠানিকভাবে বলেনি বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তসংশ্লিষ্ট একজন কাল টেলিফোনে বলেছেন, ‘জিজ্ঞাসাবাদে পরোক্ষভাবে শরিফুলও স্বীকার করেছেন অভিযোগ। এ ছাড়া, ওই সময় আশপাশে যারা ছিল, তাদের কথাবার্তা থেকেও আমরা কিছু ক্লু পেয়েছি।’ শরিফুলের সামাজিক মর্যাদার কথা বিবেচনা করেই সেটি গোপন রাখা হয়েছে এত দিন। গোপন রাখা হয়েছিল তাঁকে ক্রিকেট-সংশ্লিষ্ট সবকিছু থেকে দূরে রাখার সিদ্ধান্তও। কিন্তু কাল অনেকটা বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হলো। জানা গেছে, বিপিএলের ওই ঘটনার শেষ দেখতে আইসিসির চাপ ছিল বিসিবির ওপর। আইসিসির সর্বশেষ সভায়ও এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেওয়া হয়।কিন্তু স্পট ফিক্সিং কি কেউ এককভাবে করতে পারে? স্পট ফিক্সিং মানেই একটা চক্র। শরিফুল যদি সত্যিই সে রকম কিছুর সঙ্গে জড়িত থাকেন, তাঁর সঙ্গে জড়িত আছে আরও কিছু নাম। বিসিবির তদন্ত তত দূর গড়ায়নি। এ ব্যাপারে বিসিবির এক পরিচালকের ভাষ্য, ‘বিসিবি কোনো তদন্ত সংস্থা নয়। আমাদের পক্ষে ঘটনার গোড়ায় যাওয়া তাই সম্ভব নয়। আমরা একটা অভিযোগ পেয়েছি এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছি।’