ক্রিকেট দলের সঙ্গে রবিই থাকছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর-স্বত্ব আবারও দুই বছরের জন্য পেয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। স্পনসর-স্বত্বটা রবি কত টাকায় পেয়েছে, সেটা অবশ্য জানায়নি বিসিবি। তবে জানা গেছে, টাকার অঙ্কটা প্রায় ৬১ কোটি।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামী দুই বছর রবি আমাদের স্পনসরশিপ পেয়েছে। আগের দুই বছরও তারা ছিল। এবার দরপত্রে অংশগ্রহণ করেছে রবি ও প্রাণ। আমাদের ফ্লোর প্রাইস (ভিত্তিমূল্য) যেটা দেওয়া ছিল, সেটা পেরিয়েছে রবি।’
২০১৫ সালে জাতীয় দলের স্পনসরশিপ-স্বত্ব পাওয়ার জন্য ৩০ কোটি টাকা ভিত্তিমূল্য ধরে দিয়েছিল বিসিবি। এবার সেটি ছিল ৬০ কোটি। এবার পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয় শুধু প্রাণ গ্রুপ ও রবি। প্রাণের দামটা বিসিবির সন্তোষজনক মনে না হওয়ায় শেষ পর্যন্ত স্পনসর-স্বত্ব পেয়েছে রবি। শুধু জাতীয় দলই নয়, এই স্পনসর-স্বত্বের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মহিলা জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দল। রবির সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত, যেটির শুরু চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই।