ক্রিকেট দিয়ে বিজয় উৎসব

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম মানেই ধুলো ওড়া বিকেল। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম মানেই আড্ডায় আড্ডায় খেলা দেখা। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম মানেই হজমি-আচার খাওয়া। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম মানেই বিজয় দিবস ক্রিকেটও কি নয়!
বছর ঘুরে দিনটা আসে লাল-সবুজের হাওয়ায় উড়ে। বিজয়ের দিন ১৬ ডিসেম্বরে বিজয় দিবস ক্রিকেটও আসে প্রতিবার এবং একটা ব্যতিক্রম বাদ দিলে প্রতিবারই সেটি হয়ে আসছে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। মাঠ প্রস্তুত ছিল না বলে মাঝে একবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসেছিল প্রীতি ক্রিকেটের এই সম্মিলন। নইলে শহীদ জুয়েল একাদশ বনাম শহীদ মুশতাক একাদশের ম্যাচের ভেন্যু ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, এটাই প্রথা।
শহীদ জুয়েল একাদশ আর শহীদ মুশতাক একাদশ এবারও মুখোমুখি হলো প্রীতি ম্যাচে। রকিবুল হাসানের সেঞ্চুরির সৌজন্যে তাতে ১৪৯ রানের বড় জয় পেল শহীদ জুয়েল একাদশ। তবে জয়-পরাজয় এ খেলায় যতটা না মুখ্য, তার চেয়ে অনেক বড় হয়ে ওঠে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া আবহ। যত বড় তারকাই খেলুন, এই ম্যাচ দেখতে টিকিট লাগে না। যত বড় ভিআইপি-ই হোন, এ ম্যাচে মাঠে আসতে লাগে না কোনো আমন্ত্রণপত্র। ক্রিকেটাঙ্গনের সবাই জানে ১৬ ডিসেম্বরের গন্তব্য হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট দিয়ে সেখানেও হবে বিজয়ের উৎসব।
মিলনমেলা বসল কালও। কে ছিলেন না তাতে! শুধু সাবেক অধিনায়কদের তালিকা করলে সেটাই তো অনেক লম্বা। মালয়েশিয়া থেকে ছুটি কাটাতে দেশে আসা বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম থেকে শুরু করে রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন, ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন, আকরাম খান, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল। শেষের নামটা পড়ে ভ্রু কুঁচকে যেতে পারে অনেকের। তবে এটাই সত্যি যে বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত আশরাফুল এখন ক্রিকেট মাঠের নিয়মিত দর্শক। কাল বিজয় দিবস ক্রিকেটেও অতিথিদের শামিয়ানার নিচে কিছু সময়ের জন্য খুঁজে পাওয়া গেল শ্মশ্রুমণ্ডিত নতুন আশরাফুলকে।
বাকি অধিনায়কদের মধ্যে বেশির ভাগই অবশ্য এখন বিসিবির বিভিন্ন দায়িত্বে আছেন। তাদের বাইরে ছিলেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান, জাভেদ ওমর, বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম, কোচ জালাল আহমেদ চৌধুরী, ম্যাচ রেফারি সামিউর রহমান, বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ ক্রিকেটাঙ্গনের আরও অনেক মুখ। তবে অসুস্থতার কারণে প্রতিবারের অতিথি শহীদ জুয়েলের বোন আসতে পারেননি বলে একটা শূন্যতা ছিলই।
মিলনমেলায় আড্ডা জমলেও ম্যাচটা জমেনি। ৮২ বলে সেঞ্চুরি করে ৮৭ বলে ১২ বাউন্ডারি আর তিন ছক্কায় ১১১ রানের ইনিংস খেলে আউট রকিবুল। অনেকেই বললেন, তাঁর ব্যাটিংটা ঠিক শহীদ জুয়েলের মতোই মারকাটারি হলো। রকিবুলের ওই ইনিংস দুই দলের মধ্যে এতই ব্যবধান গড়ে দিল যে ১৩৬ রানে অলআউট হয়ে শহীদ মুশতাক একাদশ হারল বিরাট ব্যবধানে।
খেলা শেষে রকিবুল জানালেন, সামর্থ্যের সেরাটা দেওয়ার চেষ্টা করেই পেয়েছেন সেঞ্চুরি। জাতীয় দলের বাইরে আছেন অনেক দিন। দলে ফেরার জন্য যেকোনো ক্রিকেটে যেকোনো ইনিংসই গুরুত্বপূর্ণ তাঁর জন্য। তবে প্রীতি ক্রিকেটে ভালো কিছু করার আরেকটা প্রেরণাও ছিল, ‘আমরা এই দেশটা পেয়েছি শহীদদের জীবনের বিনিময়ে। শহীদেরাই যে আমাদের স্বাধীন একটা দেশ উপহার দিয়ে গেছেন, এই অনুভূতি আমিসহ সব ক্রিকেটারের মধ্যেই কাজ করে। বিজয় দিবস ক্রিকেটে ভালো খেলার ইচ্ছাটা সে কারণেও আসে।’
ক্রিকেটটা তাই এ দিন কেবলই একটা খেলা থাকে না। হয়ে ওঠে বিজয় উৎসবের মঞ্চও।
সংক্ষিপ্ত স্কোর
শহীদ জুয়েল একাদশ: ৪০ ওভারে ২৮৫/৯ (রকিবুল ১১১, জুনায়েদ ৩৩, রনি ২৯, মেহরাব জুনিয়র ২৯, এনামুল বিজয় ২২, নাঈম ২২; এনামুল জুনিয়র ৪/৩৮, শাহাদাত ৩/৪৩, ইমরুল ১/৩, সানজামুল ১/৪১)।
শহীদ মুশতাক একাদশ: ২৭ ওভারে ১৩৬ (সানজামুল ২৫*, মার্শাল ২০; ইলিয়াস ৩/৭, নাঈম ২/১৩, শরীফ ২/১৭, মুক্তার ২/১৮)।
ফল: শহীদ জুয়েল একাদশ ১৪৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল হাসান।