ক্রিকেট পরিচালনা কমিটিও বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সফরের ঘোষণায় প্রতিবাদের ঝড় চলছে দেশজুড়ে। নাম না জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। এবার জানা গেল, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগও চায় না পাকিস্তানে যাক বাংলাদেশ দল। একটি সূত্রের খবর, ক্রিকেট পরিচালনা কমিটি বোর্ডের কাছে সুপারিশ করবে দলকে পাকিস্তানে না পাঠাতে। কাল ক্রিকেট পরিচালনা কমিটির সভায় নাকি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।জানতে চাইলে অবশ্য প্রসঙ্গটি এড়িয়ে যেতে চাইলেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে আমরা আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আইসিসির সিদ্ধান্ত জানার পর পরবর্তী করণীয় ঠিক করব।’পরিচালনা কমিটির এই সিদ্ধান্ত যদি হয় আশার খবর, তাহলে আশাহত হওয়ার মতো খবরও আছে। এশিয়া কাপের পর দীর্ঘ বিরতি। খেলা নেই। টেস্ট ম্যাচের জন্য হাহাকার তো বরাবরই ছিল। ক্রিকেটার-ক্রিকেটপ্রেমী সবাই তাকিয়ে ছিল আগস্টের জিম্বাবুয়ে সফরের দিকে। সেই সফরটাও পিছিয়ে গেছে ২০১৩ সালের এপ্রিলে। অর্থাৎ, বাংলাদেশের টেস্ট বিরতি দীর্ঘায়িত হলো আরও। সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ গত ডিসেম্বরে, পাকিস্তানের বিপক্ষে।জিম্বাবুয়ে সফরটা হওয়ার কথা ছিল তিন টেস্টের পূর্ণাঙ্গ এক সফর। তবে কদিন আগে একবার সফরটা পেছানোর অনুরোধ করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা অবশ্য চলছে। মধ্য জুলাইতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। খেলবে একটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে। দুটি টি-টোয়েন্টি আয়োজনের চেষ্টাও চলছে। এ ছাড়া আয়ারল্যান্ডেই আরও দুটি ওয়ানডে খেলবে হল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। আর আগস্টে ত্রিনিদাদ ও টোব্যাগোতে একটি আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে আগে ওই টুর্নামেন্ট। তাই জাতীয় দলের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটারকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।