ক্রিকেট পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপে যদি কেনিয়ার তিন ভাই—নেহেমিয়া ওদিয়াম্বো, শেম এনগোচে ও জেমস এনগোচে—একসঙ্গে খেলতে নামেন, তাহলে তৈরি হবে নতুন ইতিহাস। তাঁদের বড় ভাই লামেক ওনিয়াঙ্গো ১৯৯৬ বিশ্বকাপে খেলেছিলেন একটি ম্যাচ। প্রথমবারের মতো চার ভাইয়ের বিশ্বকাপ খেলার রেকর্ড হবে এটা। তবে এটি হবে বিশ্বকাপের এক ম্যাচে তিন ভাইয়ের একসঙ্গে খেলার তৃতীয় উদাহরণ। ১৯৭৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের তিন হ্যাডলি সহোদর একটি ম্যাচ খেলেছিলেন। এরপর ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার তিন ভাই—কেনেডি ওটিয়েনো, ডেভিড ওবুইয়া ও কলিন্স ওবুইয়া—একত্রে চারটি ম্যাচ খেলেন। এর বাইরে অস্ট্রেলিয়ার তিন চ্যাপেলও খেলেছেন বিশ্বকাপে। গ্রেগ ও ইয়ান চ্যাপেল ১৯৭৫ বিশ্বকাপে একত্রে পাঁচটি ম্যাচ খেললেও ট্রেভর চ্যাপেল খেলেছেন ১৯৮৩ বিশ্বকাপ। ওদিয়াম্বোদের বড় ভাই লামেক ওনিয়াঙ্গো কেনিয়ার হয়ে ২৭টি ওয়ানডে খেলেছেন। শ্রীলঙ্কার রানাতুঙ্গা পরিবারের চার ভাইও ওয়ানডে খেলেছেন, তবে অর্জুনা রানাতুঙ্গা ছাড়া আর কেউ খেলেননি বিশ্বকাপে।