ক্রিকেট-পাগল দুই বুড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেই বাংলাদেশ, তোমাদের পুরোনো স্টেডিয়াম ছেড়ে দিলে কেন? ওটা তো খুব ভালো ছিল।’ উল্টো দিকের গেট দিয়ে ঢুকে মাঠের পাশ দিয়ে এলে প্রেসবক্সে শর্টকাট হয়। কাল সকালে সে পথেই আসছি। গ্যালারি থেকে চিত্কার। তাকিয়ে দেখি, পাশাপাশি বসে দুই বুড়ো। একজন আবার চিত্কার করলেন, ‘২০০৪ নিউজিল্যান্ড ট্যুরের সময় বাংলাদেশে গিয়েছিলাম। গুড কান্ট্রি।’প্রেসবক্সে গুছিয়ে বসে কিছুক্ষণ পর গেলাম বৃত্তান্ত জানতে। যা জানলাম, তাতে বিল রিড আর অ্যালান অ্যাশওয়ার্থকে হিংসাই হলো। রিডের বয়স ৬৯, অ্যাশওয়ার্থের ৭১। বিশ্বাস করবেন কি না, সারা বছর নানা দেশে ক্রিকেট দেখতে ঘুরে বেড়ানো ছাড়া তাঁদের আর কোনো কাজ নেই!নিউজিল্যান্ডে কোনো রিডের সঙ্গে পরিচয় হলেই মনে হতে বাধ্য, জন রিডের আত্মীয় নয় তো! সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার, অ্যান্ড্রু সাইমন্ডস ভেঙে দেওয়ার আগে ফার্স্ট ক্লাস ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি ছিল যাঁর। প্রশ্নটা করতেই বিল রিড প্রথমে এক চোট হেসে নিলেন, ‘আমি জানতাম, তুমি এই প্রশ্নটা করবে। সবাই করে। একবার ব্ল্যাক ক্যাপসের সঙ্গে ভারতে ঢুকছি। ইমিগ্রেশনের এক অফিসার আমার নাম জেনে দৌড়ে এসে হাত ধরে বললেন, “তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আমি তোমার বাবার খুব ভক্ত ছিলাম।” ক্রিকেটাররা শুনে সবাই হেসে কুটিকুটি।’অ্যালান অ্যাশওয়ার্থের বাস ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে। বিল রিডেরও জন্ম ইংল্যান্ডে, ১৯৬৭ সাল থেকে নিউজিল্যান্ডের বাসিন্দা। সেই সময় থেকে আজ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে কোনো সিরিজ মিস করেননি। ১৯৮৩ থেকে মাত্র দু-তিনটি ছাড়া নিউজিল্যান্ডের কোনো ট্যুরও। দু-তিনটি মিস করেছেন অসুস্থতার কারণে। এর মধ্যে ২০০৮ সালে বাংলাদেশের ট্যুরটাও পড়ে গেছে।২০০৪-এ নিউজিল্যান্ড দলের পিছুপিছু ঢাকা-চট্টগ্রাম দুই জায়গাতেই গিয়েছেন। কী মনে আছে বাংলাদেশের? নিউজিল্যান্ডের মতো জনবিরল দেশ থেকে গেলে যেটি বেশি মনে থাকার কথা সেটিই—‘মানুষ আর মানুষ!’ বড় একটা বন্যা হয়েছিল তখন। বাংলাদেশের মানুষ যেভাবে এই মহাদুর্যোগের সঙ্গে লড়েছে, তা দেখে এমন অভিভূত হয়েছিলেন যে, সেটির রেশ আছে এখনো। ‘অক্টোবরে নিউজিল্যান্ড আবার নাকি বাংলাদেশে যাচ্ছে। এবারও যাব’—বলার পর মাঝখানে আর কোথায় কোথায় ক্রিকেট আছে, সেই সফরসূচি চূড়ান্ত করতে ব্যস্ত হয়ে পড়লেন রিড।হ্যামিল্টন থেকে গাড়িতে ঘণ্টা দুয়েকের দূরত্বে ওয়াইহি সৈকতে একটা কটেজ নিয়ে একা থাকেন বিল রিড। ১৯ বছর এয়ার নিউজিল্যান্ডে চাকরি করেছেন। অবসর নেওয়ার পর থেকে কাজ ওই একটাই—ক্রিকেট দেখে বেড়ানো। যে সময় ক্রিকেট থাকে না, তখন নিজের মোবাইল ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে। ওই ভ্যানেই থাকা-খাওয়ার ব্যবস্থা। যখন যেখানে ইচ্ছা থেমে কাটিয়ে দেন কয়েকটি দিন।অ্যালান অ্যাশওয়ার্থের রুটিন আরও মজার। সামারটা ইংল্যান্ডেই কাটান। বেশি শীত পড়তে শুরু করতেই তাঁর ভাষায় ‘পালান’ অস্ট্রেলিয়ায়। নভেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া গিয়ে সেখানে ক্রিকেট দেখেন, ইংল্যান্ডে ফেরার পথে হয়ে যান নিউজিল্যান্ড। গত বিশ বছর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট মিস করেননি, বছরের শুরুতে সিডনি টেস্টও না। তা এই যে ক্রিকেট-পর্যটকের জীবন, পারিবারিক দায়িত্ব-টায়িত্ব কিছু নেই? ‘আমাদের ফ্যামিলি বলে কিছু নেই। আমরা দুজনই একা’—বলে হো হো হাসেন অ্যাশওয়ার্থ। যেন ‘ফ্যামিলি’ না থাকাটা খুবই আনন্দের। এখন না থাকলেও একসময় ছিল। রিডের তিন ছেলেমেয়ে সবাই বড় হয়ে যে যার মতো থাকে। স্ত্রী? ‘১৯৮৪ সালে স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। গিয়েছে বলে রক্ষা। নইলে কি আর এই জীবন যাপন করতে পারতাম!’ বলে আবার হাসেন রিড।ক্রিকেট দেখতে গিয়ে কত দেশে কতজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তার সবিস্তার বর্ণনা শুনতে হলো। ঢাকায় কোন শপিং মলে কোন মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল, চট্টগ্রামে কোন এক ভদ্রলোক তাদের ডিনার করাতে নিয়ে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদিও। চেহারার বর্ণনা দিয়ে তাদের আমি চিনি কি না, এই অদ্ভুত প্রশ্নও করলেন।বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে বিল রিড রীতিমতো নস্টালজিয়ায় আক্রান্ত। ক্রিকেট ওখান থেকে চলে গেল কেন, এখন ওখানে কী খেলা হয়, স্টেডিয়ামে ঢোকার মুখে তোমাদের কোন এক নেতার বড় একটা ম্যুরাল ছিল, ওটা কি এখনো আছে...জিজ্ঞাসার শেষ নেই।টেস্ট শেষ হওয়ার পরদিনই দেশে ফিরে যাচ্ছি জেনে বিল রিড খুবই আফসোস করলেন। পরেরবার এলে যেন সাগরপারে তাঁর কটেজে যেন অবশ্য অবশ্যই আতিথ্য নিই—এই কথা নিয়ে রাখলেন।