ক্রিকেট প্রেমে শচীন-তনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ময়কর সব মাইলফলক গড়ে শুধু ভারতকেই নয়, পুরো ক্রিকেট বিশ্বকেই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার। খেলাটার প্রতি অসীম ভালোবাসার কারণেই হয়তো এখনো—৩৯ বছর বয়সেও ক্রিকেটটাকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলছেন না ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। আর ক্রিকেট অঙ্গন থেকে সরে গেলেও হয়তো ভারতীয় ক্রিকেটের জন্য নিজের একজন যোগ্য উত্তরসূরি রেখে যাবেন শচীন টেন্ডুলকার। কারণ তাঁর ১১ বছর বয়সী সন্তান অর্জুনও এরই মধ্যে ঢুকে পড়েছে এই ব্যাট-বলের জগতে। আর সে ক্রিকেটের প্রেমেও পড়ে গেছে বলে মনে করেন শচীন।টেন্ডুলকার তাঁর সন্তানকে কখনোই ক্রিকেট খেলার দিকে আলাদাভাবে তাড়িত করেননি। কিন্তু তা সত্ত্বেও বাবার পথেই হেঁটেছেন অর্জুন। ভালোবেসে ফেলেছেন ক্রিকেটটাকে। ছেলে যেন খেলাটা উপভোগ করতে পারে, সেটাই কামনা করছেন টেন্ডুলকার। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘যতক্ষণ সে ক্রিকেটটাকে ভালোবাসতে পারবে, ততক্ষণ ঠিক আছে। তখন তাহলে সে সময় গুনে গুনে অনুশীলন করবে না। খেলাটার প্রতি ভালোবাসা ও তৃপ্তি নিয়েই সে মাঠে থাকবে। আর আমিও তার জন্য সেটাই চাই। আমার মনে হয়, ক্রিকেটটা শুরু হয় একেবারে হূদয় থেকে। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা আপনার মাথায় ছড়িয়ে যেতে থাকে। তার জন্য প্রথমে আপনাকে খেলাটার প্রেমে পড়তে হবে। আর আমার ছেলে ক্রিকেটের প্রেমেই পড়েছে।’তবে সবকিছুর ওপরে সন্তানদের ভালো মানুষ হওয়ার পরামর্শ বরাবরই দিয়ে এসেছেন টেন্ডুলকার। যেই শিক্ষা তিনি পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকে যে, ‘ক্রিকেট খেলার পাশাপাশি সব সময়ই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করা উচিত। তাহলে মানুষ তোমাকে খেলাটা ছেড়ে দেওয়ার পরও সম্মান করবে। আমিও আমার সন্তানদের এই একই কথাই বলি’, বলেছেন টেন্ডুলকার। পিটিআই।