ক্রিকেট ফিরছে জেডএসিএসে

ওই ম্যাচটিকে সম্ভবত কখনোই ভুলবেন না ড্যারেন স্যামি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্রিকেট কূটনীতির ঝান্ডা উড়িয়েছেন। তবে আড্ডার ভাবে মাঠের কাদা-প্যাচপেচে জায়গাগুলো দেখতে দেখতে বলেছিলেন, ‘এমন কিছু জীবনে দেখিনি, শুনিনি।’ শুধু ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কেন, আধুনিক ক্রিকেটে সম্ভবত আর কেউ শোনেননি বা দেখেননি এমন কিছু—সামান্য বৃষ্টিতে খেলা বন্ধ টানা দুই দিন!
সেটি ২০১১ সালের অক্টোবর, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দেশের ক্রিকেটের অনেক সাফল্যের সাক্ষী স্টেডিয়ামে লেগে গিয়েছিল কলঙ্ক-তিলক। সময় এখন সেই তিলক মুছে ফেলার। আধুনিক পানিনিষ্কাশনব্যবস্থা আর সাতটি নতুন উইকেট নিয়ে কাল যাত্রা শুরু হচ্ছে নতুনভাবে। ক্রিকেট ফিরছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (জেডএসিএস)।
ক্রিকেট ফেরা মানে আক্ষরিক অর্থেই ফেরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওই বছরই ডিসেম্বরে হয়েছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট। এরপরই শুরু হয় সংস্কারকাজ। এই টেস্টের আগে আর কোনো পর্যায়ের ক্রিকেটই হয়নি এখানে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম বলটি হবে নতুন আউটফিল্ড আর নতুন উইকেটে প্রথম বল! টেস্ট ক্রিকেট দিয়ে কোনো উইকেটে প্রথম খেলা হওয়াটাও আধুনিক ক্রিকেটে যথেষ্টই বিরল হওয়ার কথা।
সংস্কারকাজে পুরো মাঠের মাটি খুঁড়ে ফেলা হয়েছিল দুই ফুট গভীর করে। এরপর বালু, ইটের খোয়া, ফিল্টার পাইপ, জিওটেক বসানো হয়েছে বিভিন্ন ধাপে। সংস্কারের পর আগের চেয়ে প্রায় ২৮ ইঞ্চি উঁচু হয়েছে মাঠ। তবে বৃষ্টিপাত আর নিয়মিত পরিচর্যায় আস্তে আস্তে খানিকটা নিচু হবে আউটফিল্ড। কিউরেটর জাহিদ রেজা বাবুর মতে, দেশের অন্যতম সেরা পানি নিষ্কাশনব্যবস্থা এখন এখানে, ‘সারা রাত বৃষ্টি হলেও সকালে সময়মতো খেলা হওয়া সম্ভব। ম্যাচের সময়ও যত ভারী বৃষ্টিই হোক, বৃষ্টি থামার সর্বোচ্চ ঘণ্টা খানেকের মধ্যে খেলা শুরু করা যাবে। খুলনার আবু নাসের স্টেডিয়ামের মতোই চমৎকার পানিনিষ্কাশনপদ্ধতি করা হয়েছে এখানে।’
মাটি এখনো একটু নরম বলে আউটফিল্ড খানিকটা মন্থর থাকতে পারে। কৌতূহল থাকছে উইকেট নিয়েও। আগে ছিল নয়টি উইকেট, এখন সাতটি, সবগুলোই নতুন। টেস্ট হবে ৩ নম্বর উইকেটে। উইকেট নিয়ে খানিকটা টেনশনে আছেন কিউরেটর জাহিদ রেজা বাবুও, ‘পৃথিবীর যত বড় কিউরেটরই হোক না কেন, একদম নতুন উইকেটে খেলার আগে একটু টেনশন কাজ করে। যতই বিশেষজ্ঞ হোন, খেলা না হওয়া পর্যন্ত নতুন উইকেট সম্পর্কে একদম নিশ্চিত কিছু বলা যায় না। তবে আশা করি, উইকেট ভালোই হবে। আর মাটি তো প্রায় একই, আগের চেয়ে খুব আলাদা হওয়ার সম্ভাবনা নেই।’