ক্রিকেট ফিরছে পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরেরও বেশি সময় পরে অবশেষে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘদিন নির্বাসনে থাকার পর দেশের মাটিতে পাকিস্তান প্রথম সিরিজটি খেলতে যাচ্ছে প্রতিবেশী আফগানিস্তানের বিপক্ষে। তবে আগামী জুলাইয়ে আফগানিস্তান এই সিরিজটি খেলবে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে।২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে স্থান করে নেওয়ার পরপর আবারও পাকিস্তানে একটা সিরিজ আয়োজনের তোড়জোড় শুরু করে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সঙ্গে এই সিরিজ খেলার সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিম উল্লাহ দানিশ একটি বার্তা সংস্থাকে বলেছেন, ‘জুলাইয়ে আফগানিস্তান জাতীয় দল পাকিস্তানে যাবে এবং পাকিস্তান “এ” দলের বিপক্ষে খেলবে। আশা করছি, এটা আমাদের জন্য অনেক লাভজনক হবে।’ গতকাল শুক্রবার লাহোরে পিসিবি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।নিরাপত্তা ইস্যুতে এত দিন পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত না হলেও এখন সেখানে সে রকম কোনো সমস্যা নেই বলে মনে করছেন নাসিম উল্লাহ দানিশ। তিনি বলেছেন, ‘পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা এখন আর কোনো ব্যাপার না। আমরা সবার উদ্দেশেই একটা ইতিবাচক বার্তা পাঠাতে চাই। এবং আশা করছি অন্যান্য দেশগুলোও খুব দ্রুত পাকিস্তানে খেলতে আসবে।’পাকিস্তান সফরে তিনটি এক দিনের ম্যাচ খেলবে আফগানিস্তান। খেলা তিনটি অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ ও রাওয়ালপিন্ডিতে। এ বছরের শেষের দিকে পাকিস্তান ‘এ’ দল আফগানিস্তানেও একটা সিরিজ খেলবে বলে আশা করছেন দানেশ। ডন অনলাইন।