ক্রিকেট বাঁচানোর আকুতি ক্রিকেটারদের
পেছনে ‘ক্রিকেটার্স অব বাংলাদেশ’ লেখা ব্যানার। সামনে অন্তত ৩০-৩৫ জন ক্রিকেটার। শাকিল কাসেম শুরুতেই পরিষ্কার করলেন, এটি কোনো সংগঠন নয়। একটি নির্দিষ্ট ব্যাপারে ওই পরিচয়ে এককাট্টা হয়েছেন বাংলাদেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা।গত ১ মার্চ বিশেষ সাধারণ সভায় বিসিবির গঠনতন্ত্র সংশোধন করে সাধারণ পরিষদ থেকে ১৫ ক্রিকেটারের সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এরই প্রতিবাদে প্রেসক্লাবে কালকের সংবাদ সম্মেলন। তবে সাধারণ পরিষদে ক্রিকেটারদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার দাবি ছাপিয়ে যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর আহ্বানের মঞ্চ। সাবেক ক্রিকেটারদের বক্তব্যে ফুটে উঠেছে চলমান ক্রিকেট ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ আর ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চরম আশঙ্কা।তানভীর মাজহার (তান্না) তাঁর বক্তব্যে বললেন, ‘ক্রিকেটারদের ছাড়া ক্রিকেট চলতে পারে না। খেলোয়াড়দের ক্রিকেটের সঙ্গে না রাখার উদ্দেশ্যটা ভালো নয়।’ অবস্থার পরিবর্তন না হলে আরও কঠোর অবস্থানে যাওয়ার আভাসও দিলেন তিনি, ‘সভাপতি আর টুটুল সাহেব (বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফিন) ক্রিকেট বেশি বুঝে গেলে আমাদেরই মাঠে নামতে হবে। ক্রিকেট বোর্ড খেলার মধ্যে নেই, আছে ব্যক্তিস্বার্থ আর দুর্নীতির মধ্যে।’ বর্তমান বোর্ড খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতার সুযোগ নিচ্ছে বলেও অভিযোগ তান্নার, ‘দুর্নীতি ধরতে বিসিবিতে বাইরের প্রতিষ্ঠান দিয়ে অডিট করানো প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলা ভালোবাসেন বলে ক্রিকেটকে সব রকম সাহায্য করেন। কিছু লোক এ সুযোগটাই নিচ্ছে।’ক্রিকেট বাঁচানোর আকুতি জানাতে গিয়ে বাষ্পরুদ্ধ হয়ে আসে রকিবুল হাসানের কণ্ঠ, ‘সারা জীবন ক্রিকেট খেলে আজ আমাদের অপমানিত হতে হচ্ছে! লজ্জায় সেদিন এজিএম শেষ হওয়ার আগেই বেরিয়ে এসেছিলাম।’ ক্রিকেটে এখন দূরদর্শী সংগঠকের অভাব বোধ করা রকিবুল দাবি করেছেন বিসিবিতে পেশাদারি ব্যবস্থাপনার। বিসিবির প্রয়াত প্রধান নির্বাহী মনজুর আহমেদের মৃত্যুর দায়ও রকিবুল তুলে দিয়েছেন বোর্ডের ওপর, ‘সিইও মারা গেছেন মানসিক যন্ত্রণায়। তিনি চাপ নিতে পারেননি, আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে সেসব শেয়ারও করেছেন।’বিসিবির পরিচালক হয়েও কাল ‘ক্রিকেটার্স অব বাংলাদেশ’ ব্যানারের নিচে ছিলেন গাজী আশরাফ হোসেন। বোর্ড পরিচালকদের মধ্যে অন্য যেসব সাবেক ক্রিকেটার সংবাদ সম্মেলনে আসেননি, তাঁরাও এই দাবির সঙ্গে একাত্ম বলে জানিয়েছেন তিনি। আশরাফ বিসিবিতে ক্রিকেটারদের রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের ১১৫ জনের কমিটিতে ১৫ জন খেলোয়াড় থাকে। অতিসম্প্রতি ভারতের লোকসভায়ও সব ক্রীড়া ফেডারেশনে ২৫ ভাগ খেলোয়াড় প্রতিনিধি রাখার বিল উত্থাপিত হয়েছে।’তাঁর অভিযোগ, বিসিবির সংশোধিত গঠনতন্ত্রে ক্রিকেটারদের ভোটাধিকার খর্ব করা হয়েছে। আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্রেও ভাষার মারপ্যাঁচে রুদ্ধ করা হয়েছে ক্রিকেটারদের পথ, সহজ করা হয়েছে অযোগ্য সংগঠকদের আসার সুযোগ। তিন সদস্যের গঠনতন্ত্র সংশোধনী কমিটির দুজন শফিউল আরেফিন ও আবদুল্লাহ আল ফুয়াদ আঞ্চলিক সংস্থার প্রতিনিধি হিসেবে বোর্ডে এসেছেন। গঠনতন্ত্রে ক্রিকেটারবিরোধী সংশোধনীর সেটাই কারণ বলে মনে হয় আশরাফের কাছে। কিন্তু এই কমিটি তো বোর্ড সভাতেই অনুমোদিত! তা ছাড়া যে বোর্ড ক্রিকেটারদের এ রকম কোণঠাসা করে ফেলছে, সেই বোর্ড থেকে পদত্যাগই বা কেন করছেন না ক্রিকেটার-পরিচালকেরা? আশরাফের উত্তর, ‘স্বীকার করছি, কমিটি গঠনের সময় চিন্তাভাবনার কিছু ঘাটতি ছিল। তবে বোর্ড থেকে সরে গিয়ে কারও জন্য মাঠ ফাঁকা করে দিতে চাই না। বোর্ডে থেকেই আমরা বক্তব্য জানাতে চাই।’ফারুক আহমেদ পুরো ব্যাপারটায় পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ, ‘ক্রিকেটারদের বাদ দিলে ক্রিকেটের লাভ না ক্ষতি, সেটাই বড় প্রশ্ন। হঠাৎ করে কী এমন প্রয়োজন পড়ল, ক্রিকেটারদের কাউন্সিলরশিপ কেড়ে নিতে হবে! এটা বড় কোনো ষড়যন্ত্রের অংশ।’ কোয়াবের সভাপতি নাঈমুর রহমান ক্রিকেটারদের সংগঠনকে বৈধ দাবি করে বলেছেন, ‘নিবন্ধিত না হলে কোয়াব প্রতিনিধি কীভাবে কাউন্সিলর হয়? এজিএমে কীভাবে আমন্ত্রণ পায়? কোয়াব অবৈধ হলে সেসব নির্বাচন-এজিএমও অবৈধ।’সংবাদ সম্মেলনের শুরুতে ক্রিকেটারদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। ক্রিকেটারদের কাউন্সিলরশিপ কেড়ে নেওয়াকে ‘মাইনাস ফিফটিন ফর্মুলা’ উল্লেখ করে এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন তিনি।ক্রিকেটারদের সম্মিলিত দাবির পরও বিসিবি সিদ্ধান্ত না বদলালে আরও কঠোর অবস্থান নেওয়ার আভাস দিয়েছেন শাকিল কাশেম, ‘আজ (গতকাল) কেবল প্রথম ওভারটিই হলো। আমরা শেষ বল পর্যন্ত লড়ে যাব। ডিআরএস, পাওয়ার প্লে সব সুযোগই নেব। এই খেলায় আমরাই জিতব।’