ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিমত ছিল শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। শেষ পর্যন্ত তারাও রাজি হয়েছে সদস্যদেশগুলোর নিজ নিজ ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতি আনার ব্যাপারে। হংকংয়ে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী বোর্ডের সভায় গতকাল সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হয়েছে, সদস্যদেশগুলোর বোর্ড সভাপতি হবেন নির্বাচিত।গঠনতন্ত্রে সংশোধনী এনে ২০১২ সালের জুন মাসে অনুষ্ঠেয় আইসিসির পরবর্তী বার্ষিক সভার আগেই বোর্ডগুলোকে বাস্তবায়ন করতে হবে এই সিদ্ধান্ত। এ সময়ের মধ্যে নির্বাচিত সভাপতি আনতে ব্যর্থ বোর্ডগুলো অবশ্য ২০১৩ সালের জুন পর্যন্ত বর্ধিত সময় পাবে। তবে ২০১২ সালের জুন পর্যন্ত যদি সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো বোর্ডের উল্লেখযোগ্য অগ্রগতি না হয়, আইসিসিই তাদের ওপর একটি গঠনতন্ত্র চাপিয়ে দিয়ে পরবর্তী এক বছরে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলবে। আর তাতেও ব্যর্থ হলে শাস্তি হিসেবে আইসিসির সদস্যপদও বাতিল করা হতে পারে ওই দেশের। এর মানে নির্বাচিত সভাপতি আনতে সর্বোচ্চ দুই বছর সময় পাচ্ছে বোর্ডগুলো।সভা শেষে পিসিবির চিফ অপারেটিং কর্মকর্তা সুবহান আহমেদ বলেছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে সময় বাড়ানোতেই তাঁরা নির্বাচিত বোর্ড সভাপতির পক্ষে অবস্থান নিতে পেরেছেন, ‘গঠনতন্ত্রে সংশোধনী আনার সময় বাড়ানোর জন্য কয়েক মাস ধরে আমরা আইসিসির সঙ্গে আলোচনা করছিলাম। আমরা ২৪ মাসের মতো সময় পাচ্ছি। আইসিসি কী চাইছে এবং সেটা কীভাবে বাস্তবায়ন করতে হবে, সেটা নিয়ে এখন সরকারের সঙ্গে আলোচনার পর্যাপ্ত সময় পাব আমরা।’আইসিসির গঠনতন্ত্রে সংশোধনী আনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। পাকিস্তানে বোর্ড সভাপতি মনোনয়ন করেন দেশটির রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি নিজেই থাকেন ক্রিকেট বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক। শ্রীলঙ্কাতেও বোর্ডও সার্বক্ষণিক ক্রীড়া মন্ত্রণালয়ের নজরদারিতে থাকে। আর বাংলাদেশে এ পর্যন্ত সব বোর্ড সভাপতিই সরকার মনোনীত। তবে আইসিসির সভায় যোগ দিতে যাওয়ার আগে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, তাঁরাও চান বিসিবিতে নির্বাচিত সভাপতি আসুক। কাল আইসিসির সভার পর বোর্ডের সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলমও এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন, ‘সিদ্ধান্তটা আমাদের চিন্তাভাবনার সঙ্গে মিলে গেছে। এটাই হওয়া উচিত। অন্য দেশের কথা জানি না, আমাদের দেশে কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নির্বাচিত বোর্ড সভাপতি অপরিহার্য।’বিসিবি সহসভাপতি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে এই পরিবর্তন আনতে বেশি সময় লাগার কথা নয়, ‘গঠনতন্ত্রের একটা সংশোধনী প্রস্তাব তৈরি হয়েই আছে। এখন শুধু নির্বাচিত বোর্ড সভাপতির সংশোধনীটা তাতে যোগ করতে হবে। আমার মনে হয়, এটার জন্য একটা বোর্ড সভাই যথেষ্ট।’ এর আগে ২০০০ সালে কক্সবাজারে অনুষ্ঠিত বার্ষিক সভায় নির্বাচিত বোর্ড সভাপতির ব্যাপারে আলোচনা হয়েছিল। তখনকার বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী নির্বাচিত বোর্ড সভাপতির পক্ষে জোরালো অবস্থান নিলেও জাতীয় ক্রীড়া পরিষদের বাধায় সেটি শেষ পর্যন্ত হয়নি।এবার বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা শেষ পর্যন্ত রাজি হলেও গত ফেব্রুয়ারি ও এপ্রিলে অনুষ্ঠিত আইসিসির সভায় এই তিন দেশই নির্বাচিত বোর্ড সভাপতি আনতে আপত্তি জানিয়েছিল। ৪ এপ্রিলের সভার পর তো এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আইসিসিকে উকিল নোটিশও পাঠিয়েছিল পাকিস্তান বোর্ড। তাদের বক্তব্য ছিল, অন্তত নিরাপত্তা ইস্যুতে হলেও ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ থাকাটা জরুরি।ফিফা এবং আইওসির মতো ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপমুক্ত করতে অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছিল আইসিসি। অবশেষে সেটা যখন আলোর মুখ দেখল, এটিকে ক্রিকেটে গণতন্ত্রচর্চায় একটা বড় অগ্রগতি হিসেবেই দেখছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘ভালো কিছু করার পথে এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। ক্রিকেটে সম্ভাব্য সেরা করপোরেট গভর্নেন্স আনতে আইসিসির যে প্রতিজ্ঞা, তাতে আমি রোমাঞ্চিত।’ তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।