ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নাজমুল হাসান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সরকারদলীয় সাংসদ নাজমুল হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়েছে।গত তিন বছর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহসভাপতি নির্বাচিত হওয়ায় নতুন সভাপতি মনোনয়নের প্রয়োজন পড়ে। আইসিসির ওই পদে যাওয়ার পর নিয়ম অনুযায়ী মুস্তফা কামালকে বিসিবির সভাপতি পদ ছাড়তে হতো। গত সোমবার তিনি নতুন সভাপতি মনোনয়নের অনুরোধ জানিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন। দুই দিন পরই ঘোষণা করা হলো তাঁর উত্তরসূরির নাম।বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালকেরা নির্বাচিত হলেও সভাপতি পদে সরকারই মনোনয়ন দিয়ে থাকে। তত্ত্বাবধায়ক সরকারের আমলকে ব্যতিক্রম ধরলে বরাবরই সরকারদলীয় কোনো সাংসদের জন্যই বরাদ্দ এ পদটি। নাজমুল হাসানের অবশ্য ক্রিকেট-সংশ্লিষ্ট একটি পরিচয়ও আছে। তিনি আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান। পূর্বসূরির সঙ্গে এখানে মিল আছে। বিসিবির সভাপতি মনোনীত হওয়ার সময় মুস্তফা কামালও ছিলেন আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান।ক্রিকেট বোর্ডে সরকার মনোনীত সভাপতির দিন অবশ্য শেষ হতে চলেছে। আইসিসির নির্দেশনা অনুযায়ী সব দেশের ক্রিকেট বোর্ডের প্রধানকেই নির্বাচিত হতে হবে। এ জন্য আগামী জুন পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সে অনুযায়ীই বিসিবির প্রস্তাবিত নতুন গঠনতন্ত্রে সভাপতি পদে নির্বাচনের বিধান রাখা হয়েছে। মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসানের বর্তমান মেয়াদকাল কত দিনের হবে, সেটি তাই অনিশ্চিত। আগামী ২৮ নভেম্বর ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপর পরিচালক পর্ষদের নির্বাচন হলে সভাপতি পদে নির্বাচনও একই সঙ্গে হওয়ার কথা। নাজমুল হাসান অবশ্য সরকারের মনোনয়ন পাওয়ার আগেই সভাপতি পদে নির্বাচন করবেন বলে জানিয়ে ছিলেন। নির্বাচনের আগে বিসিবির পরিচালকদের পদত্যাগ করার বাধ্যবাধকতা আছে। সভাপতির ক্ষেত্রেও ব্যতিক্রম না হওয়াটাই স্বাভাবিক।বিদেশে অবস্থানরত নাজমুল হাসানের সঙ্গে কাল অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে আজ দেশে ফিরে বিকেল সাড়ে পাঁচটায় বিমানবন্দরেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। নতুন সভাপতিকে বরণ করে নিতেই আজ ক্রিকেট বোর্ডের যে সভাটি নির্ধারিত ছিল, সেটি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল ক্রিকেট বোর্ডের ওই সভায় নাজমুল হাসানই সভাপতিত্ব করবেন। সরকারদলীয় সাংসদ, বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক, আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান—এর বাইরেও নাজমুল হাসানের আরেকটি পরিচয় আছে। তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে। এই পরিচয় অনেককে মনে করিয়ে দিচ্ছে, বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ক্রিকেট বোর্ডের উপদেষ্টা মনোনীত হয়েছিলেন।