ক্রিকেট যখন শোকবিধুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমন লাম্বা-হানসি ক্রোনিয়ে-মানজার রানা: ক্রিকেট ইতিহাসকে এঁরা করেছেন শোকবিধুর
রমন লাম্বা-হানসি ক্রোনিয়ে-মানজার রানা: ক্রিকেট ইতিহাসকে এঁরা করেছেন শোকবিধুর

শেখ সালাহউদ্দিনের বয়স ৪৪ হয়ে গিয়েছিল। এই বয়সীদের কী তরুণ বলা যায়? হয়তো যায়, আবার যায়ও না। তবে মৃত্যুর জন্য বয়সটি যে অপরিণত, সেটা নির্দ্বিধায়ই বলে দেওয়া যায়। সালাহউদ্দিন বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি খুব অপরিণত বয়সেই মৃত্যু নামের অমোঘ এক সত্যকে আলিঙ্গন করলেন। প্রথমজন সেই মানজারুল ইসলাম রানা, দ্বিতীয়জন মাজহারুল হক মৃদুল। তবে বয়সে মানজারুল রানা আর মাজহার শেখ সালাহউদ্দিনের চেয়ে ছিলেন আরও অনেক তরুণ। সালাহউদ্দিন আর মাজহারের মৃত্যু ‘স্বাভাবিক’ হলেও সড়ক দুর্ঘটনায় মানজার রানার মৃত্যু ছিল ভয়াবহ এক ট্র্যাজেডি। তবে বাংলাদেশের ক্রিকেটে এই তিনটি মৃত্যু যে অকস্মাত্ বজ্রপাতের মতো—সেটা আর নতুন করে বলার কিছুই নেই।

ক্রিকেট দুনিয়ায় এমন কিছু মৃত্যুর ঘটনা আছে, যা গোটা ক্রিকেট দুনিয়াকে শোকে-দুঃখে নিমজ্জিত করেছে। আকস্মিক ওই মৃত্যু-সংবাদগুলো পাথর করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। রানা-মৃদুল-সালাহউদ্দিনদের মতোই ওই মৃত্যুগুলো শোকাতুর করেছে ক্রিকেটের দুনিয়াকে। ওই মৃত্যুগুলো এমনই ছিল, যা মেনে নিতে কষ্ট হয়েছে সবার। ওই মৃত্যুগুলো কালোছায়া হয়ে এসেছে এমনই সময়—যখন তাঁর আসার কথা ছিল না। প্রথম আলো ডটকমের পাঠকদের জন্য ক্রিকেট দুনিয়ার এমন কিছু মৃত্যুর ঘটনাই আজ উপস্থাপন করা হলো:

ভিক্টর ট্রাম্পার

তাঁকে স্যার ডন ব্র্যাডম্যানের পরেই ‘সেরা অস্ট্রেলীয় ব্যাটসম্যান’ হিসেবে মনে করা হয়। আগের যুগের ভেজা উইকেটের ‘পণ্ডিত’ এই ব্যাটসম্যান টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো মধ্যাহ্নবিরতির আগে সেঞ্চুরি হাঁকিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন। শারীরিক অসুস্থতা ছিল তাঁর জন্মগতই। কিন্তু ওই অসুস্থতা যে তাঁকে ১৯১৫ সালে মাত্র ৩৭ বছর বয়সেই দুনিয়া থেকে নিয়ে যাবে, সেটা আর কে ভেবেছিল!

আর্চি জ্যাকসন

ট্রাম্পারকে যদি ব্র্যাডম্যানের পরেই সেরা অস্ট্রেলীয় ব্যাটসম্যান বলা হয়, তাহলে আর্চি জ্যাকসনকে নাকি ‘ব্র্যাডম্যানের চেয়েও ভালো’ ব্যাটসম্যান হিসেবে অভিহিত করা হতো। ১৯২৯ সালে টেস্ট অভিষেকেই তিনি খেলেছিলেন ১৬৪ রানের দারুণ এক ইনিংস। তিনি তাঁর ক্যারিয়ারকে পূর্ণতা দিতে পারলে হয়তো ক্রিকেট ইতিহাস অন্যভাবেই লিখতে হতো বলে ধারণা অনেকের। ১৯৩৩ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মাত্র ২৩ বছর বয়সে তিনি চলে যান পরপারে।

রমন লাম্বা

রমন লাম্বার মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। এই বাংলাদেশেই ঘরোয়া ক্রিকেটে খেলতে এসে মৃত্যুকে কাছে ডেকেছিলেন ভারতের সাবেক এই আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওই ট্র্যাজিক সকালটি বিমূঢ় করে দিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়াকে। ঢাকার ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে হেলমেট ছাড়া শর্টলেগে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন লাম্বা। একটি বলে ব্যাটসম্যান মেহরাব হোসেন পুল খেললে বলটি সরাসরি আঘাত করে লাম্বার মাথায়। আহত হয়ে মাঠে পড়ে যাওয়ার পর নিজেকে সামলে তিনি আবার উঠেও দাঁড়িয়েছিলেন। কিন্তু মাঠেই বমি করায় তাঁকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। সেখানে অচেতন হয়ে গেলে তাঁকে স্থানাস্তরিত করা হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে কয়েক দিন ‘ক্লিনিক্যালি ডেড’ থাকার পর তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। ক্রিকেট ইতিহাসে লাম্বার মৃত্যু আজও এক ট্র্যাজেডি হয়ে আছে। হয়তো থাকবে চিরকাল।

বেন হোলিওক

ইংল্যান্ডের এই ক্রিকেটার অনেক প্রতিশ্রুতি নিয়ে দলে এসেছিলেন। অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬৩ রান। কিন্তু মাত্র ২ টেস্ট আর ২০ ওয়ানডেতেই শেষ হয়ে যায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০০২ সালে মাত্র ২৪ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় যবনিকা ঘটে তাঁর জীবনেরও।

হানসি ক্রোনিয়ে

ক্রোনিয়ের মৃত্যুকে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ‘আলোচিত’ মৃত্যু হিসেবে ধরে নিতে অত্যুক্তি নেই কারোর। প্রায় এক দশক ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ছিলেন অন্যগ্রহের এক ক্রিকেট চরিত্র। সম্মান-খ্যাতি সবকিছুই তিনি পেয়েছিলেন। প্রোটিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন সাফল্যের সঙ্গে। কিন্তু মাত্র একটি ঘটনাই তাঁর জীবনকে এলোমেলো করে দেয়। ২০০০ সালে তিনি এমন একটি বিষয়ে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন, যা প্রশ্নবিদ্ধ করে তাঁর নৈতিকতাকেই। ম্যাচ পাতানোয় জড়িত থাকার কথা স্বীকার করে তিনি হতবাক করে দেন গোটা ক্রিকেট দুনিয়াকে। এরপর ক্রিকেট থেকে বাইরেই ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ২০০২ সালে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানোর ব্যাপারটি এখনো প্রশ্ন তোলে সন্দেহপ্রবণ ক্রিকেটপ্রেমীদের অন্তরে।

মানজারুল ইসলাম রানা

বাংলাদেশের ক্রিকেটে খুব অল্প দিনেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন মানজার রানা। ২০০৩ সালে অভিষেকের পর খেলেছিলেন ২৫টি ওয়ানডে। বাঁহাতি স্পিনার হিসেবে ২৩ উইকেট নিয়ে তিনি তাঁর ঝুলিকে সমৃদ্ধ করার পথেই ছিলেন। ৬ টেস্ট খেলে তাঁর সংগ্রহ ছিল ৫ উইকেট। কিন্তু তিনি নিজেকে পুরোপুরি মেলে ধরার আগেই মাত্র ২৩ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ২০০৭ সালের মার্চ মাসটা তাই এ দেশের ক্রিকেটের নিরন্তর এক শোকের মাসই।

রুনাকো মর্টন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্ট আর ৫৬ ওয়ানডে খেলেছেন রুনাকো মর্টন। অনেক প্রতিশ্রুতির ক্যারিয়ারে ওয়ানডে গড় ছিল ৩৩। তবে টেস্টে নিজের প্রতিভাটা অনূদিত করতে পারেননি ভালো নৈপুণ্যে। টেস্ট গড় ছিল ২২। উজ্জ্বল ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে মাঠের বাইরের আচরণের জন্য। ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েও বাদ পড়েছিলেন অদ্ভুত এক কারণে। তিনি মিথ্যাচার করেছিলেন তাঁর দাদার মৃত্যু নিয়ে। ২০১০ সালে তাঁকে শেষবারের মতো ক্যারিবীয় রঙে দেখা যায়। ২০১২ সালের ৪ মার্চ মর্টন এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।