বিশ্বকাপের প্রথম আসরে একদিনের ক্রিকেটটা অনেকের কাছেই ছিল নিতান্তই অচেনা এক বিষয়। এ খেলার মেজাজ-মর্জি সত্যিকার অর্থে তখনো বুঝে উঠতে পারেনি অনেক দেশ। ভারতের কথাই ধরা যাক, ১৯৭৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ভারত অংশগ্রহণ করলেও সে অবধি ভারতের ঘরোয়া ক্রিকেটে একদিনের কোনো প্রতিযোগিতাই আয়োজিত হতো না। ভারতীয় ক্রিকেট রোমান্টিকরাও একদিনের ক্রিকেটকে সে সময় অনেকটা উন্নাসিক দৃষ্টিতে দেখতেন। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের প্রথম আসরে ভারত খেলতে আসে অনেকটা অপ্রস্তুত অবস্থায়।সুনীল গাভাস্কারকে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করা হয়—ব্যাপারটি একটা শিশুও জানে। গাভাস্কার কেবল ভারতের ক্রিকেট ইতিহাসেরই নন, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেরও অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি ও ১০ হাজারের বেশি রান থাকলেও একদিনের ক্রিকেটে তাঁর রেকর্ড কিন্তু শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দেয় না। প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুনীল গাভাস্কারের একটি ‘অসামান্য’ কীর্তি রয়েছে, যেটা নিয়ে কথা উঠলে বোধকরি গাভাস্কার এখনো লজ্জায় কুঁকড়ে যান। গাভাস্কারের অসংখ্য ক্রিকেটীয় কীর্তির ভিড়ে ১৯৭৫ সালের বিশ্বকাপের এই ‘কীর্তি’ কলঙ্কের তিলক হয়েই রয়েছে।সেই ‘কীর্তি’র ব্যাপারটি খুলেই বলা যাক। ১৯৭৫ সালের বিশ্বকাপে ভারত মুখোমুখি হয় ইংল্যান্ডের। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। ডেনিস অ্যামিসের ব্যাট থেকে আসে অনন্য ১৩৭ রান। সে সময়ের বিচারে একদিনের ক্রিকেটে অ্যামিসের সেই ইনিংস ছিল অন্যতম সেরা। ‘একদিনে ৩৩৫ রান করে জিততে হবে? এটা কীভাবে সম্ভব?’ ভারতীয়দের মাথায় বোধকরি এ কথাটিই ঘুরছিল। ইংল্যান্ডের রান তাড়া করতে নামার আগেই ভারত হেরে বসল সেই ম্যাচে। ব্যাটিংয়ে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা সেই রান তাড়া করার কোনো তাড়াই দেখলেন না। পরের ম্যাচের জন্য কিছু ব্যাটিং প্র্যাকটিস করে নেওয়াটাকেই তাঁরা বুদ্ধিমানের কাজ মনে করলেন। সুনীয় গাভাস্কারও এ পথেই হাঁটলেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে লর্ডসে উপস্থিত দর্শকদের চরম বিরক্তির মধ্যে ফেললেন তিনি। ১৭৪ বল খেললেন। ৩৬ রান করে থাকলেন অপরাজিত। ভারতের ব্যাটিং শেষ হওয়ার আগেই ইংলিশ দর্শকেরা দলে দলে মাঠ ছাড়লেন। ইংল্যান্ডের খেলোয়াড়েরাও চরম বিরক্তির মধ্যে খেলা চালিয়ে গেলেন। যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা নেই, সে খেলা খেলেও বা কী লাভ? ভারত পুরো ৬০ ওভার ব্যাটিং করে তিন উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করল। হারার আগেই হেরে যাওয়ার এত বড় উদাহরণ বোধকরি ক্রিকেট ইতিহাসে আর একটিও নেই। সেদিন লর্ডসে যেসব ভারতীয় দর্শক খেলা দেখতে এসেছিলেন, তাঁরাও লজ্জায় লাল হয়ে গেলেন। অবাক-বিস্ময় ও চরম বিরক্তির সঙ্গে দেখলেন, তাঁদের সেরা ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। তাঁদের হাতের তেরঙ্গাগুলোও যেন বারবার লজ্জায় ম্রিয়মাণ হয়ে পড়ছিল।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তোপের মুখে পড়েন ভারতীয় অধিনায়ক ও ম্যানেজার। সবাই সুনীল গাভাস্কারের এ ধরনের কচ্ছপগতির ব্যাটিংয়ের ব্যাখ্যা জানতে চান তাঁদের কাছে। ম্যানেজার জি এস রামচাঁদ এর ব্যাখ্যা দেন ঠিক এভাবেই, ‘সানি মনে করেছিল ইংল্যান্ডের ৩৩৪ রান তাড়া করার সামর্থ্য আমাদের নেই। তাই সে ম্যাচের চিন্তা বাদ দিয়ে প্র্যাকটিসের দিকেই বিশেষ মনোযোগ দিয়েছে।’এ সম্পর্কে আরও একটি গল্প প্রচলিত আছে। অনেকে বলে থাকেন, নির্দিষ্টভাবে ইংল্যান্ডের সঙ্গে সেই ম্যাচের একাদশ নিয়ে নাকি গাভাস্কার প্রচণ্ড অখুশি ছিলেন। তাই ব্যাটিংয়ে নেমে একপ্রকার ‘অহিংস’ প্রতিবাদই নাকি তিনি করেছেন। সত্য-মিথ্যা যা-ই হোক, পরে এ ব্যাপারে গাভাস্কারও মুখে কুলুপ এঁটে থেকেছেন। আর তাঁর এই ‘কীর্তি’ হয়ে রয়েছে একদিনের ক্রিকেট তথা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সমালোচিত ও বিতর্কিত ঘটনা।