ক্রিকেট যেখানে শান্তির সেতুবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত রক্ত! নিত্যদিন বাতাসে বারুদের গন্ধ। কত মৃত্যু! যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কবে উড়বে শান্তির পতাকা? কে-ই বা ওড়াবে? হতাশার সুড়ঙ্গপথে পাওয়া গেল আশার রেখা। শান্তির দূত হয়ে উঠতে পারে ক্রিকেট!পরশু আফগানিস্তানের ক্রিকেটের জন্য ছিল ঐতিহাসিক এক দিন। এর আগেও ১৮টি ওয়ানডে তারা খেলেছে। কিন্তু এই প্রথম আফগানিস্তান ওয়ানডে খেলল কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। আইসিসির পূর্ণ সদস্যদেশের বিপক্ষে কোনো ‘অ্যাফিলিয়েট’ সদস্যেরও এটি প্রথম ওয়ানডে।ম্যাচটি এই প্রেক্ষাপটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্য কারণে। ম্যাচের দিন সকালেই তালেবানদের পক্ষ থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। জানানো হয় শুভকামনা। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে অভিনন্দন। কট্টর ধর্মান্ধ তালেবানদের হটিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট হামিদ কারজাই নিজে খানিক পর পর ফোন দিয়ে খোঁজ নিয়েছেন ম্যাচের অবস্থা সম্পর্কে। এভাবেই ক্রিকেট দুই মেরুর বিবদমান দুটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে একই কাতারে। শুধু দেশটির ক্রিকেট নয়, আফগানিস্তানের জন্যই এটি অনেক বড় একটি ঘটনা বলে মনে করছেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান ওমর জাখিলওয়াল, ‘শুক্রবারের ম্যাচটি আফগানিস্তানের জন্য অনেক বড় একটা মাইলফলক। তালেবানরাও পর্যন্ত সমর্থন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছে। জানিয়েছে, দলের সাফল্যের জন্য তারা প্রার্থনা করছে।’ফুটবল, ক্রিকেটসহ পশ্চিমা বিশ্বের সব খেলাকেই তালেবানরা মনে করত ‘বেদাত’। তাদের শাসনামলে কাবুলের বিশাল স্টেডিয়ামটিতে একটি মাত্রই ‘খেলা’ হতো—রক্তের হোলি খেলা। স্টেডিয়ামটি তালেবানরা ব্যবহার করেছে প্রকাশ্য শিরশ্ছেদ আর পাথর ছুড়ে মারার কাজে। তবে তালেবান শাসনের অবসান ঘটার পর প্রায় জ্যামিতিক প্রগতিতে দেশটিতে জনপ্রিয় হয়ে ওঠে ক্রিকেট। বাছাইপর্ব পেরিয়ে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে তারা। খেলেছে বেশ কয়েকটি প্রথম শ্রেণীর ম্যাচও।দ্রুত উন্নতি করতে থাকা আফগানরা পরশু ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। সদ্যই ইংল্যান্ডকে নাকানি-চুবানি খাওয়ানো পাকিস্তানের সঙ্গে এই ব্যবধানেই তো হারার কথা তাদের। কিন্তু প্রথমে ব্যাট হাতে ১৯৫ রান, এর পর দ্রুত পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে আফগানিস্তান জানিয়ে দিয়েছে, সঠিক পথেই তারা এগোচ্ছে। পাকিস্তানও কিন্তু খেলেছে পূর্ণ শক্তির দল নিয়ে। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক দিলখোলা প্রশংসা করেছেন আফগানদের লড়াকু মানসিকতার।দেশটির ক্রিকেট নিয়ে আশাবাদী জাখিলওয়ালও। অর্থমন্ত্রীর পাশাপাশি ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করা জাখিলওয়ালের এই আশাবাদের পেছনে আছে ক্রিকেট নিয়ে দেশের শিশু-কিশোরদের উন্মাদনা, ‘দেশজুড়ে ৮০ থেকে ৯০ শতাংশ শিশু-কিশোরই এই ম্যাচটা দেখেছে। আফগানিস্তানের রাস্তাগুলোর দিকে তাকালেই দেখবেন, বাচ্চারা ক্রিকেট খেলছে। আর কোনো খেলা দেশের মানুষকে এভাবে আলোড়িত করতে পারেনি। না রাজনীতি, না অন্য কোনো ঘটনা, দেশজুড়ে চলা পুনর্গঠন-প্রক্রিয়াও। ক্রিকেটের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না।’জাখিলওয়ালরা তাই আশাবাদী, যে হাত ব্যাট তুলে নিয়েছে, সেই হাত কোনো দিন রাইফেল তুলবে না। যে হাতে বল উঠেছে, সে হাতে উঠবে না গ্রেনেড। এখনো বিষফোঁড়া হয়ে থাকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে মোক্ষম অস্ত্র তাই ক্রিকেটই। ‘দেশের অন্য জায়গাগুলোতেও ক্রিকেট হয়ে উঠেছে আমাদের উন্নয়নের উদাহরণ। শান্তির ক্ষেত্রে আমরা হয়তো সামান্যই অর্জন করেছি, কিন্তু ক্রিকেটের দিক দিয়ে আমাদের অর্জন অসামান্য। আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারি। ইচ্ছা থাকলে উপায় হয়, যদি সেই ইচ্ছাটা হয় জনগণের’—বলেছেন জাখিলওয়াল। এএফপি, ওয়েবসাইট।