বাংলাদেশের ক্রিকেটের জন্য কালকের সকালটা এসেছিল শঙ্কা আর উৎকণ্ঠা নিয়ে। মিরপুর টেস্টে বাংলাদেশের জন্য অপেক্ষা করছিল বড় একটা পরীক্ষা। মাঠের বাইরে, হাজার মাইল দূরে আরও বড় একটা পরীক্ষা অপেক্ষা করছিল আলোচনার টেবিলে।
দুবাইয়ে আইসিসি সভার প্রথম দিনে নিজেদের দাবির পক্ষে সোচ্চার অবস্থান নিতে পেরেছে বাংলাদেশ। সভা শুরুর আগেই চিঠি দিয়ে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, টেস্টে দ্বি-স্তর মোটেও মানবে না বিসিবি। সভায়ও নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিসিবির প্রধান নাজমুল হাসান।
সভা শেষে আইসিসির আনুষ্ঠানিক বিবৃতির প্রথমেই উল্লেখ করা হয়েছে, ‘যোগ্যতার ভিত্তিতে সব দেশই ক্রিকেটের সব সংস্করণ খেলতে পারবে। কোনো দেশের ওপর খড়্গ নেমে আসবে না, সদস্যপদের মর্যাদায় আসবে না কোনো পরিবর্তন।’
টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশের অবনমনের শঙ্কাটা দূর হতে শুরু করে আসলে কাল সকাল থেকেই। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, আগে ফাঁস হওয়া খসড়ায় বেশ কিছু পরিবর্তন এনে সংশোধিত একটা খসড়া সভায় পেশ করবে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জোট, যেখানে টেস্টের দ্বি-স্তর ব্যাপারটির উল্লেখই থাকছে না।
সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ হতে থাকে নতুন নতুন খবর। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ খবরটির জন্ম গত পরশু গভীর রাতে। যখন জানা যায়, বিশ্ব ক্রিকেটকে নিজেদের ‘জমিদারি’ বানিয়ে ফেলার কূটনকশা করা তিনটি দেশ তাদের তৈরি করা খসড়া নিয়ে আলোচনা পেছানোর আবেদন করেছে। ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রস্তাবের বিরুদ্ধে কারা, সেটিও সকালেই পরিষ্কার হয়ে যায়। আইসিসির নির্বাহী বোর্ডের সভায় ঢোকার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জাকা আশরাফ পাকিস্তানের এআরওয়াই টিভিকে জানিয়ে দেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান—আমরা এই চার বোর্ড একই দাবিতে অবস্থান নিয়েছি। আমরা আমাদের অবস্থানে সুদৃঢ় থাকব।’
সভা শেষে দুবাই থেকে ফোনে বাংলাদেশের শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘সভার আগেই আমরা আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছি, বাংলাদেশের টেস্ট খেলার ওপর কোনো আঘাত নেমে এলে সেটা আমরা কোনোভাবেই মানব না। পরে সভাতেও আমাদের এই অবস্থানের কথা সুদৃঢ় কণ্ঠে উপস্থাপন করেছেন বিসিবির প্রধান নাজমুল হাসান।’
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সভার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে প্রায়ই। নাটকীয়ভাবে অবস্থান বদলেছে জিম্বাবুয়েও। ওই তিন দেশের প্রস্তাবের পক্ষে নতি স্বীকার করেছে শোনা গেলেও শেষ পর্যন্ত এ নিয়ে আলোচনা পেছানোর দাবিতে অন্য চার দেশের সঙ্গে যোগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটও।
সভা শেষে সংবাদ বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি স্বাক্ষর বা প্রস্তাব পাস না হলেও বেশ কিছু ব্যাপারে সর্বসম্মতভাবে একমত হয়েছে আইসিসি বোর্ড। সেখানে প্রথমটিই বাংলাদেশের জন্য শঙ্কা তাড়ানিয়া দ্বিস্তরবিষয়ক। বাকি বিষয়গুলোর অনেকগুলোই ছিল ফাঁস হওয়া খসড়ায়। বেশ কিছু ফাঁক রেখে আদতে আর্থিক ও বাণিজ্যিক দাবিগুলোর অনেকটাই আসলে আদায় করে নিয়েছে ভারতীয় জোট।
একটা ধারায় যেমন উল্লেখ আছে, ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ছাড়া বাকি সাত দেশের ক্রিকেট বোর্ডের জন্য সমান অধিকার রেখে আইসিসির একটি তহবিল গঠন করা হবে। সাত দেশের জন্য সমান, ওই তিন দেশের জন্য তবে কী? অনুমান করে নিতে সমস্যা হয় না, তহবিলের বড় একটা অংশ থাকবে ওই তিন বোর্ডের জন্য। বাকিটা সমান ভাগে ভাগ হবে বাকি সবার মধ্যে। আইসিসি টুর্নামেন্টগুলোর জন্য নতুন একটি কোম্পানিকে টেন্ডার করার দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে, যেদিকে চোখ ছিল ভারতীয় জোটের।
এফটিপি বাতিলের কথা শোনা গেলেও সেটা হয়নি। তবে কিছু ফাঁক থেকে গেছে এখানেও। বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত এফটিপি বহাল রাখার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা আছে এবং আর্থিকভাবে লাভজনক এমন দ্বিপক্ষীয় এফটিপি চুক্তি কার্যকর থাকবে।
তবে এই সবকিছু ছাপিয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তি একটাই—বাংলাদেশের টেস্ট মর্যাদা যেমন থাকছে, তেমনি থাকছে টেস্ট খেলার অধিকারও। আজ সভা শেষে আনুষ্ঠানিকভাবে হয়তো সভার সব সিদ্ধান্ত জানাবে আইসিসি।