ক্রিকেট শিখছেন দ্রগবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় আছে, যস্মিন দেশে যদাচার। ভারতে এসেছেন, আর ক্রিকেটের স্বাদ না নিয়েই চলে যাবেন! চ্যাম্পিয়নস লিগ জিতেই চেলসিকে বিদায় জানানো দিদিয়ের দ্রগবা তাই ক্রিকেটও শিখছেন। এমনিতে ইংল্যান্ডে আট বছর ধরে আছেন। ইংল্যান্ডে ঠিকানা লন্ডন। এখানেই ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। ফলে খেলাটা যে একেবারেই তাঁর অজানা ছিল, তা নয়। তবে নিয়মকানুন খুব বেশি জানতেন না। জানলেন এবার। ক্রিকেট খেলাটার এত নিয়মকানুন, শিখতে সময়ও লেগেছে। খেলাটা ভালোই লেগেছে। তবে এটা যে ‘কয়েক দিন ধরেও হয়’ এটা জানার পর বিস্মিতই হয়েছেন।‘ক্রিকেট বুঝতে আমার বেশ সময় লেগেছে। ইংল্যান্ডে, যেখানে ভারতের মতোই ক্রিকেট খুব জনপ্রিয়, সেখানকার কিছু খেলোয়াড় আমাকে বুঝিয়েছে। ক্রিকেট খেলাটা খুব উত্তেজনাকর মনে হয়েছে আমার কাছে’—ভারতীয় সাংবাদিকদের বলেছেন আইভরি কোস্টের তারকা স্ট্রাইকার। পেপসির দূত তিনি। কোমল পানীয়রও একটি বিজ্ঞাপনের সৌজন্যে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নাদের সঙ্গে ‘ক্রিকেট’ খেলেছেন। অবশ্য সেটি ছিল ফুট-কেট। ফুটবলের মতো করে ক্রিকেট বল দিয়ে খেলা। ধোনির নামও অজানা নয় তাঁর কাছে। তবে দ্রগবার সরল স্বীকারোক্তি, পুরো নামটি উচ্চারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয় তাঁকে!ধোনিদের সঙ্গে আবারও ফুটবল খেলবেন দ্রগবা। সেখানে ভাগ্যবান কিছু ভক্তও সুযোগ পাবেন দ্রগবার মতো তারকার সঙ্গে খেলার। এর আগে দ্রগবা ভারতীয় ভক্তদের একঝলক দেখাও দিয়েছেন ট্যাগরাজ ইনডোর স্টেডিয়ামে। সেখানে হাজার ছয়ের দর্শক দেখে মুগ্ধও হয়েছেন। ‘অনেক চেলসি সমর্থক দেখতে পাচ্ছি এখানে’—ক্রিকেট-উন্মাদনার দেশে ফুটবলের প্রতিও যে ভালোবাসা আছে, তা দেখে মুগ্ধ ৩৪ বছর বয়সী আইভরিয়ান। ওয়েবসাইট।