ক্রিকেট সমর্থকদের নতুন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা সবাই বাংলাদেশের ক্রিকেটের সমর্থক। তবে এত দিন সমর্থন দেওয়াটা ছড়িয়ে-ছিটিয়ে চললেও এবার তাঁরা সারিবদ্ধ হলেন একই ‘গ্যালারি’তে। ‘এক হই বাংলাদেশের ক্রিকেটের জন্য’ স্লোগান নিয়ে কাল আত্মপ্রকাশ করল বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স সোসাইটি (বিসিএসএস)।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জুনায়েদ পাইকার ব্যাখ্যা করলেন তাঁদের উদ্দেশ্য, ‘মূলত বাংলাদেশ দলের সমর্থকদের একই প্ল্যাটফর্মে আনতে এবং এ দেশের ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার্থেই এই সংগঠন।’ সংগঠনটির সদস্যসংখ্যা এখন ২১। তবে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত www.bcss-tigers.com-এ ঢুকে ফর্ম পূরণ করে সদস্য হওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনের উদ্বোধন ঘোষণা করেন বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির বর্তমান সহসভাপতি আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা ও বিসিএসএসের উপদেষ্টা মাহবুব হামিদ। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ আলীসহ অন্য সদস্যরা।