ক্রিকেটই ভুলিয়ে দিক সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পত্রপত্রিকাগুলোর দাবি, পাকিস্তানকে দেশে ফেরত পাঠানো হোক। এত সব ঘটনার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটা খেলার কোনো যৌক্তিকতা দেখছেন না মাইকেল ভনের মতো সাবেকরা। ইংল্যান্ডের ক্রিকেটারদের আর পাকিস্তানের বিপক্ষে খেলার আগ্রহ নেই, এমনও বলেছিলেন সাবেক অধিনায়ক। তবে স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ানের ভাবনাটা কিন্তু উল্টো। দুজনের কেউই চান না ওয়ানডে সিরিজ বাতিল হোক। লর্ডসে ইংল্যান্ডের জয়ের দুই নায়ক বলেছেন, মাঠের ক্রিকেটই পারে মাঠের বাইরের বিতর্ককে স্তিমিত করতে।ডেইলি মেইল-এ প্রকাশিত নিজের কলামে ব্রড লিখেছেন, তদন্তের ফলাফল জানার আগ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নন তিনি, ‘আমার মতে, ওয়ানডে সিরিজটা চলতে দেওয়া উচিত। তদন্ত চলার মাঝামাঝি সিরিজ বাতিল করা উচিত নয়। আমরা খেলতে চাই। তা ছাড়া যারা টিকিট কিনেছে, ওই সমর্থকদের কী হবে?’ অভিযুক্ত পাকিস্তানি ক্রিকেটারদের সিরিজ থেকে প্রত্যাহার করা উচিত কি না, এ প্রসঙ্গে অবশ্য ব্রডের প্রতিক্রিয়া ছিল সতর্ক, ‘অভিযুক্ত পাকিস্তানিরা খেলতে পারবে কি না, এটা আমাদের মাথাব্যথা নয়। বিপক্ষে যারাই খেলুক, আমরা নিজেদের উজাড় করে দেব। আমাদের বিশ্বাস, প্রতিপক্ষও তা-ই করবে।’লর্ডসে ৯ নম্বরে নেমে ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন ব্রড, জোনাথন ট্রটের সঙ্গে গড়েছেন অষ্টম উইকেটে ৩৩২ রানের রেকর্ড জুটি। তবে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ওই টেস্টের সবকিছুই এখন সংশয়ের ঘেরাটোপে বন্দী। ব্রড কিন্তু নিজের পারফরম্যান্সে ঠিকই গর্বিত, ‘প্রথম সেঞ্চুরি পেয়েছি হোম অব ক্রিকেটে, আমি দারুণ গর্বিত। এখনো পর্যন্ত এটাই আমার ক্যারিয়ারের সেরা অর্জন। এমনকি গত বছর ওভালে আমার অ্যাশেজ জয়ী বোলিং স্পেলটারও আগে রাখব এই সেঞ্চুরিকে। এটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’স্পট ফিক্সিংয়ের ঘটনা প্রকাশিত হওয়ার পরদিন অর্থাৎ লর্ডস টেস্টের চতুর্থ দিন সকালে পাকিস্তানিদের ওয়ার্ম-আপ করতে না দেখে অবশ্য ভড়কে গিয়েছিলেন ব্রড। ভেবেছিলেন, চার বছর আগের ওভাল টেস্টের মতো এটাও না বাতিল হয়ে যায়! পরে খেলা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।নিজের পারফরম্যান্সে গর্বিত সোয়ানও। লর্ডসে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ সিরিজে পেয়েছেন ২২ উইকেট। সান পত্রিকায় নিজের কলামে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ২ নম্বর বোলার লিখেছেন, তাঁর কোনো উইকেটই পড়ে পাওয়া নয়, ‘সন্দেহবাদী অনেকেই হয়তো বলবে, পাকিস্তানি ব্যাটসম্যানরা ইচ্ছে করেই আউট হয়েছে। কিন্তু প্রতিটি উইকেটের জন্যই আমি কষ্ট করেছি এবং অন্যরা যা-ই ভাবুক বা বলুক, এই গ্রীষ্মে নিজের অর্জনে আমি গর্বিত। আমার মনে হয়েছে, মাঠে পাকিস্তানিরা শতভাগই দিয়েছে এবং আমি নিশ্চিত, অন্যদেরও তা-ই মনে হয়েছে।’ব্রডের মতো ওয়ানডে সিরিজটা খেলতে উন্মুখ হয়ে আছেন সোয়ানও, ‘ওয়ানডে ক্রিকেট আমি ভালোবাসি, মনেপ্রাণে চাই সিরিজটা হোক। সবচেয়ে বড় কারণ, আমি চাই ক্রিকেট আবার আলোচনায় আসুক সঠিক কারণে—অবিশ্বাস্য কোনো সেঞ্চুরি বা দুর্দান্ত বোলিং দিয়ে।’ ওয়েবসাইট।