ক্রিকেটকে বিদায় জানালেন দ্রাবিড়
আন্তর্জাতিক ক্রিকেটকে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘বিদায়’ জানালেন রাহুল দ্রাবিড়। এর মধ্য দিয়ে তিনি ১৫ বছরের ক্রিকেট জীবনের বর্ণিল এক অধ্যায়ের ইতি টানলেন। গতকালই অবশ্য ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ‘দ্য ওয়াল’খ্যাত রাহুল দ্রাবিড়। পিটিআই জানিয়েছে, আজ বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে দ্রাবিড়ের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রী নিবাসন এবং সাবেক অধিনায়ক অনিল কুম্বলে উপস্থিত ছিলেন।দ্রাবিড় বলেন, ‘সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমার মনে হয়েছে, সময় এসেছে বিদায় বলার। এক সময় অন্য ছেলেদের মতো আমিও ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তবে খুব বেশি পথ পাড়ি দেওয়ার কথা কখনোই ভাবিনি।’বিদায় বেলায় একে একে সবার প্রতি কৃতজ্ঞতা জানান দ্রাবিড়। তিনি বলেন, ‘কোনো স্বপ্নই এককভাবে পূরণ হওয়ার নয়। পেছনে ফিরে তাকালে দেখি, আমাকে শিক্ষা দেওয়া ও আমার ওপর আস্থা রাখায় অনেককে ধন্যবাদ দেওয়ার আছে আমার। বেঙ্গালুরুতে জুনিয়র কোচরা ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা তৈরি করেছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে আমার কোচরা আমাকে এগিয়ে যাওয়ার সিঁড়ি দেখিয়েছেন, আমার ব্যক্তিত্ব গড়তে সহায়তা করেছেন। প্রশিক্ষকরা আমাকে ফিট রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও নির্বাচকেরা আমার ওপর আস্থা রেখেছেন।’সতীর্থদের ধন্যবাদ দিয়ে দ্রাবিড় বলেন, ‘ভারতীয় দলে খেলতে পেরে আমি সত্যি ভাগ্যবান। আমার অনেক সতীর্থ কেবল ভারতের নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবার সঙ্গে সুন্দর স্মৃতি, বন্ধুত্ব নিয়েই বিদায় নিচ্ছি আমি।’সবশেষে সমর্থক-ভক্তদের ধন্যবাদ জানান দ্রাবিড়। বলেন, ‘দেশ ও দেশের বাইরে থাকা ভারতীয় দলের সমর্থকদের ধন্যবাদ দিতে চাই আমি। আপনাদের জন্য খেলতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি। দেশকে, আপনাদেরকে প্রতিনিধিত্ব করার বিষয়টি সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমি।’গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ভয়াবহ বাজে একটা সিরিজ কাটানোর পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ইংল্যান্ডের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই জয়ের মুখ দেখতে পারেনি ভারত। ওয়ানডের মতো সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মুহূর্তটাও সুখকর হলো না মি. ওয়ালের। এমন একটা সময়ে তিনি অবসর নিলেন, যখন বিদেশের মাটিতে টানা আটটি ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছে ভারতকে।ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি টেস্ট সিরিজের দুটিতেই ভারত হারার পর দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও ভি ভি এস লক্ষ্মণকে অপসারণ করে তরুণদের সুযোগ দেওয়ার দাবি তোলেন সমালোচকেরা। এরই প্রতিক্রিয়ায় হয়তো সরে দাঁড়ানোটাই সময়োচিত বলে মনে করলেন ৩৯ বছর বয়সী দ্রাবিড়। তবে দীর্ঘদিনের টেস্ট ক্যারিয়ারে দ্রাবির যেভাবে ভারতের নির্ভরতার প্রতীক হিসেবে ব্যাটিং করে গেছেন, তা নিশ্চয়ই ভুলে যাবে না ভারতীয় সমর্থকেরা। ১৬৪টি ম্যাচ খেলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১৩ হাজার ২৮৮ রান সংগ্রহ করেছেন দ্রাবিড়। এর মধ্যে শতকের ইনিংস আছে ৩৬টি। ওয়ানডেতে ৩৪৪ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের সংগ্রহ ১০ হাজার ৮৮৯ রান। শত রানের ইনিংস আছে ১২টি।