ক্রিকেটকে বিদায় জানালেন রামপ্রকাশ
ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন তিনি। কিন্তু প্রথম শ্রেণীর রেকর্ডের জন্যই তাঁকে মনে রাখতে হবে অনেক দিন। ২৫ বছর ক্রিকেট খেলে কাল ‘বিদায়’ বলেছেন মার্ক রামপ্রকাশ। বয়সটা ৪২ হয়ে গিয়েছিল, শরীরটাও আর টানছিল না। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০টি শতরান করার এক অনন্য রেকর্ডকে সঙ্গী করে শেষ পর্যন্ত অবসরে গেলেন এই ক্রিকেটার।ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলেছেন মিডলসেক্স আর সারের হয়ে। ১১ বছর আগে মিডলসেক্স ছেড়ে যোগ দিয়েছিলেন সারেতে। এ বছর ফর্মটা একেবারেই ভালো যাচ্ছিল না। গত মে মাসে প্রথমবারের মতো সারের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন। আট ইনিংসে এসেছিল মাত্র ৬২ রান। আঁঁচ পেয়েছিলেন, এই মৌসুমে সারের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কাউন্টি দলটি আর চুক্তির মেয়াদ বাড়াবে না। অমন কিছু ঘটার আগেই নিজেই সরে দাঁড়ালেন রামপ্রকাশ।কাউন্টি ক্রিকেটে মার্ক রামপ্রকাশের অভিষেক হয় ১৯৮৭ সালে। ৪৬১টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়ে ৫৩.১৪ গড়ে তাঁর সংগ্রহ ৩৫,৬৫৯ রান। একদিনের ম্যাচে সংগ্রহ ১৩,২৭৩ রান।১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত অনিয়মিতভাবে ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট খেলেছেন রামপ্রকাশ। তবে তাঁর পারফরম্যান্স আন্তর্জাতিক পর্যায়ে অতটা চোখে পড়ার মতো কিছু ছিল না। টেস্ট ক্রিকেটে তাঁর গড় মাত্র ২৭ দশমিক ৩২। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১৫৪ রান। ১৯৯৭-৯৮ মৌসুমে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি এই রান করেছিলেন।ইংলিশ কাউন্টিতে রামপ্রকাশ এক মৌসুমে এক হাজারের বেশি রান সংগ্রহ করেছেন ২০ বার। ১৯৯৫, ২০০৬ ও ২০০৭ মৌসুমে তাঁর সংগৃহীত রান দুই হাজার অতিক্রম করেছিল। ডেইলি টেলিগ্রাফ।