ক্রিকেটকে বিদায় টাফির
ক্যারিয়ারের দ্বারপ্রান্তেই ছিলেন। সেটারই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ড্যারেল টাফি। নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার আজ জানিয়ে দিলেন, কোনো ধরনের ক্রিকেটেই আর দেখা যাবে না তাঁকে।আন্তর্জাতিক ক্রিকেটে টাফিকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১০ সালে। বাদ পড়েছেন জাতীয় চুক্তি থেকেও। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার সুযোগ অবশ্য ছিল। গত মাসে তাঁকে চুক্তিবদ্ধ করেছে কিউই ক্লাব অকল্যান্ড অ্যাসেস। ৩৪ বছর বয়সী টাফির কাছে মনে হচ্ছে—আর নয়, এখন সময় এসেছে ক্রিকেট ক্যারিয়ারকে চিরতরে বিদায় জানানোর।ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমটা ভালো কাটেনি টাফির। ইনজুরির কারণে বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন তিনি। অবসর নেওয়ার কারণ হিসেবে ইনজুরিকেই তুলে ধরেছেন টাফি, ‘সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছি। এখান থেকে বেরিয়ে ক্রিকেট চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।’২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় টাফির। খুব দ্রুত দলে নিজের অবস্থানটা পোক্ত করে নেন। এক সময় টেস্ট ও ওয়ানডেতে নিউজিল্যান্ডের উদ্বোধনী বোলার ছিলেন টাফি। কিন্তু ২০০৫ সালে কাঁধে বড় ধরনের চোট পেলে ক্যারিয়ারে ছন্দপতন ঘটে। এই চোটের কারণে দুই বছর মাঠের বাইরে কাটান। ২০০৭ সালে নাম লেখান ভারতীয় ক্রিকেট লিগে (আইসিএল)। ‘বিদ্রোহী’ এই লিগে যোগ দেওয়ার অপরাধে আরও দুই বছর জাতীয় দলের বাইরে কাটাতে হয় তাঁকে। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬টি টেস্ট খেলেছেন টাফি। ৩১.৭৫ গড়ে শিকার করেছেন ৭৭ উইকেট। ৯৪টি ওয়ানডেতে অংশ নিয়ে শিকার করেন ১১০ উইকেট। তিনটি টি-টোয়েন্টিতে টাফির শিকার ৩ উইকেট। সূত্র: ক্রিকইনফো।