ক্রিকেটকে মাঠেই রাখতে চান কলিংউড
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে বিমূঢ় গোটা ক্রিকেট বিশ্ব। আজ পাকিস্তান-ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে যখন সবার আলোচনা করার কথা, তখন নানা দুর্নীতি আর কেলেঙ্কারির কারণে মাঠের ক্রিকেটটা হয়ে পড়েছে নিতান্তই গৌণ। আর ঠিক এ ব্যাপারটিই একদম মেনে নিতে পারছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক পল কলিংউড। আজ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের প্রাক্কালে তাই কলিংউডের কণ্ঠে ঝরে পড়ল রাজ্যের হতাশা।‘খুবই হতাশ লাগছে। মাঠের ক্রিকেটের চেয়ে সবার নজর এখন মাঠের বাইরে। ব্যাপারটা একজন খেলোয়াড় হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টের।’ স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এভাবেই কলিংউড প্রকাশ করলেন নিজের হতাশার কথা।কলিংউড বলেন, ‘ক্রিকেটের এই গুমোট পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইসিসি ও ক্রিকেট-সংশ্লিষ্ট সবার উচিত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নিয়েও ক্রিকেট থেকে এসব দুর্নীতি ও অনাচার দূর করতে হবে। আমরা খেলোয়াড়েরা খেলতে চাই। মুক্তি পেতে চাই এ ধরনের বাজে অবস্থা থেকে।’লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট চলাকালে স্পট ফিক্সিং কেলেঙ্কারি চাউর হয় বিশ্বব্যাপী। ইংল্যান্ডের একটি ট্যাবলয়েড সচিত্র প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে দেয় পাকিস্তানি তিন ক্রিকেটারের সঙ্গে জুয়াড়ির সম্পর্ক। সেই ট্যাবলয়েডের কাছে জুয়াড়ি মাজহার স্বীকার করেন, লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে তিনটি ইচ্ছাকৃত নো বল করার জন্য পাকিস্তানি দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ তাঁর সঙ্গে অঙ্গীকারবদ্ধ। এবং সেই অনুসারে তাঁরা নির্ধারিত সময়ে তিনটি নো বলও করেন। পুরো ব্যাপারটি ‘সমন্বয়’ করেন অধিনায়ক সালমান বাট। এই অনাকাঙ্ক্ষিত সংবাদ কাঁপিয়ে দেয় গোটা ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেট চলে যায় বহু দূরে। পাকিস্তানের সঙ্গে সেই টেস্ট ম্যাচটি খেলার অভিজ্ঞতা বর্ণনা করেছেন পল কলিংউড। তিনি বলেন, ‘পুরো টেস্ট ম্যাচের পরিস্থিতিই ছিল অন্য রকম। এর আগে কোনো টেস্ট খেলে আমার এত খারাপ লাগেনি। জনাথন ট্রট ও স্টুয়ার্ট ব্রডের দুটি অসাধারণ পারফরম্যান্স ঢাকা পড়ে গেছে যাবতীয় কেলেঙ্কারিতে। দুঃখ লাগে এই ভেবে অন্তত ভবিষ্যৎ লর্ডসের সর্বশেষ টেস্ট ম্যাচটি মনে রাখবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য। ট্রট, ব্রডের পারফরম্যান্সের জন্য নয়।’