ক্রিকেটকে ‘নতুন কিছু’ দেখাচ্ছে বিসিবি
ক্রিকেটকে কি নতুন কিছু উপহার দেওয়ার তৃপ্তি পাচ্ছেন আপনারা?—মন্তব্য করতে পারব না।প্রশ্নটা খারাপ ছিল না! উত্তরদাতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওই কর্মকর্তা চাইলে অনেক ভালো ভালো কথা বলে উত্তরটা দিতে পারতেন। কিন্তু হলেন উল্টো বিব্রত।বিসিবির অনেক পরিচালকের কাছে ব্যাপারটা বিব্রত হওয়ার মতোই। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে পাঠানো হয়নি মিডিয়া ম্যানেজার, যাচ্ছেন না নির্বাচক কমিটির কোনো প্রতিনিধি। অথচ ‘প্রতিনিধিদলের প্রধান’ হিসেবে দলের সঙ্গী একজন বোর্ড পরিচালক। আরেক বোর্ড পরিচালক মঈনউদ্দিন চৌধুরী ‘পর্যবেক্ষক’ হয়ে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন। দলের সঙ্গে ‘পর্যবেক্ষক’ যাওয়াটা এখন রেওয়াজ হয়ে গেলেও ‘প্রতিনিধিদলের প্রধান’? ক্রিকেটে ব্যাপারটা নতুনই তো!টিম ম্যানেজমেন্টের কাঠামোয় পরিবর্তন আনতেই বাংলাদেশের ক্রিকেটে ‘প্রতিনিধিদলের প্রধান’ ধারণার উদ্ভব। বোর্ড সভায় ‘সর্বসম্মত’ (দু-একজন প্রতিবাদ করলেও ধোপে টেকেনি) সিদ্ধান্তেই এই ধারণার বাস্তবায়ন হচ্ছে। বর্তমান টিম অপারেশনস ম্যানেজার শফিকুল হক নাকি বোর্ডের শীর্ষ পর্যায়ের আস্থা অর্জন করতে পারছেন না। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে সর্বময় অভিভাবক হিসেবে তাই ‘প্রতিনিধিদলের প্রধান’ জাতীয় কারও প্রয়োজনীয়তা অনুভব করেছে বিসিবি। তাতে সফরে দলের সঙ্গে বোর্ডের সম্পর্কটাও আর বিচ্ছিন্ন মনে হবে না। নিউজিল্যান্ড সফরে এই পরিচয়টা বোর্ড পরিচালক শফিকুর রহমানের। ‘টিম অপারেশনস ম্যানেজারের’ পদটি ভবিষ্যতে ‘লজিস্টিক অফিসারে’ রূপান্তরিত হওয়ার সম্ভাবনাও প্রবল বলে জানা গেছে।নিউজিল্যান্ড সফরের ‘প্রতিনিধিদল প্রধান’ কাগজে-কলমে আট সদস্যের টিম ম্যানেজমেন্টের অংশ। বোর্ড সূত্র জানায়, টিম ম্যানেজমেন্টের অংশ হওয়ায় দলের অন্য সদস্যদের মতোই নিউজিল্যান্ড ক্রিকেটের কাছ থেকে প্রতিদিন ৫০ মার্কিন ডলার করে দৈনিক ভাতা পাবেন শফিকুর রহমান। এর বাইরে বোর্ড পরিচালক হিসেবেও বিসিবির কাছ থেকে তিনি আলাদা দৈনিক ভাতা পাবেন বলে জানা গেছে। আর ‘পর্যবেক্ষকের’ পুরো খরচটাই দেয় বোর্ড। হোটেল ভাড়া এবং দৈনিক ভাতা মিলিয়ে সেটা দেশভেদে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ডলার পর্যন্ত হয় বলে জানিয়েছে বোর্ড সূত্র।প্রশ্ন উঠছে বোর্ডের কৃচ্ছ্রসাধনের মৌসুমেও কেন এই অপচয়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে? দলে নির্বাচক প্রতিনিধি আর মিডিয়া ম্যানেজারের অন্তর্ভুক্তি তো ক্রিকেটীয় কারণেই জরুরি, বোর্ড পরিচালকদের বিলাস ভ্রমণের খড়্গ কেন ক্রিকেটীয় স্বার্থের গলা কাটবে? ‘পর্যবেক্ষক’রা বিদেশ সফরে আসলে ঠিক কী পর্যবেক্ষণ করেন? কেউ কি দেশে ফিরে আজ পর্যন্ত কোনো পর্যবেক্ষণ রিপোর্ট জমা দিয়েছেন বোর্ডে? সবচেয়ে বড় প্রশ্ন, ‘প্রতিনিধিদলের প্রধান’-এর অন্তর্ভুক্তি দলকে ‘নানা মুনির নানা চাপে’ ফেলে দেবে না তো আবার?ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হওয়ার সুবাদে বোর্ড পরিচালক এনায়েত হোসেনই দিতে পারতেন এসব প্রশ্নের উত্তর। দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উত্তর দিতে রাজি হননি বোর্ডের দুই শীর্ষ পরিচালক। তাঁরা নাকি কোনো বিতর্কে জড়াতে চান না!তবে এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে তুলেছেন পাল্টা প্রশ্ন, ‘ব্যাপারটা ঠিক নয় জানি। কিন্তু একবার যখন এটা শুরু হয়েছে, থামাবেন কীভাবে? এর মধ্যেই তো অনেকে বিদেশ সফর করে ফেলেছে। বাকি সদস্যরা তাহলে কী দোষ করল?’এরকম প্রশ্ন আছে বলেই হয়তো অনেক বোর্ড সদস্য বিব্রত হওয়াটাকেই মেনে নিচ্ছেন।