ক্রিকেটকেই বিদায় বন্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির সঙ্গে লড়াইয়ে পেরে উঠবেন না বুুঝে গত ডিসেম্বরে অবসর নিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে। বয়সের কাছে হার মেনে এবার সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলে ফেললেন শেন বন্ড। দিন বিশেক পরেই পূর্ণ করতে যাচ্ছেন ৩৫, বুঝতে পারছিলেন কমে আসছে গতি, কমে আসছে সামর্থ্য। নিজের মানের সঙ্গে এতটুকু আপোস করতে রাজি নন বলেই এই সিদ্ধান্ত স্যার রিচার্ড হ্যাডলির পর নিউজিল্যান্ডের সেরা ফাস্ট বোলারের।নতুন কোনো ইনজুরিতে পড়েননি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব একটা খারাপ করেননি, ৫ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তার পরও এই অবসরের কারণ বন্ড ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমি জানি, চলে যাওয়ার এটাই সময়। বুঝতে পারছিলাম গতি কমে আসছে। কদিন পরই ৩৫ হবে আমার, শরীরটাকে আর পোষ মানানো যাচ্ছে না। সকালে ঘুম থেকে ওঠা, অনুশীলনে যাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছিল।’ বিতর্কিত ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন গত সেপ্টেম্বরে। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার পর আবার ইনজুরিতে পড়েন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারকে আরও দীর্ঘ করার জন্য এর পরই বিদায় জানান টেস্টকে। কিন্তু লাভ খুব বেশি হলো না।বন্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারটাই শুরু অনেক দেরিতে, ২৬ বছর বয়সে। ক্যারিয়ারের পুরোটা লড়াই করতে হয়েছে ইনজুরির সঙ্গে। মাঠের মধ্যে যতটা থেকেছেন, এর চেয়ে বেশি ব্যস্ত থাকতে হয়েছে মাঠে ফেরার লড়াইয়ে। নয় বছরের ক্যারিয়ারে টেস্ট খেলতে পেরেছেন তাই মাত্রই ১৮টি, ওয়ানডে ৮২টি। দুই ধরনের ক্রিকেটেই তাঁর বোলিং গড় নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা। বন্ডের সবচেয়ে বড় কৃতিত্ব, সেরাদের বিপক্ষে সব সময় দেখিয়েছেন সেরা পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ ওয়ানডেতে নিয়েছেন ৪৪ উইকেট, তিনবার পাঁচ উইকেট। বোঝা যাবে সবচেয়ে বেশিবার আউট করেছেন যে ব্যাটসম্যানদের, তাঁদের নামগুলো জানলেও—রিকি পন্টিং, ক্রিস গেইল, রামনরেশ সারওয়ান, বীরেন্দর শেবাগ, সনাৎ জয়াসুরিয়া! তবে পরিসংখ্যানেও ঠিক বোঝানো যাবে না বন্ডকে। গতিকে পুঁজি করে এগিয়েছেন তিনি এমন এক দেশ থেকে যে দেশের ক্রিকেট ইতিহাস ফাস্ট বোলারই দেখেছে হাতে গোনা কয়েকজনকে। আবহাওয়া-উইকেটের জন্য যেখানে কেবলই মিডিয়াম পেসারের ছড়াছড়ি।বন্ডের অভাব সবচেয়ে বেশি অনুভব করবেন যিনি, সেই কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির কণ্ঠে স্বাভাবিকভাবেই ছিল অসহায়ত্ব, ‘আমার জন্য এটা বড় একটা ক্ষতি, আরও বেশ কিছুদিন ও খেলতে পারত। তবে ওর শরীরটাকে ওই সবচেয়ে ভালো বোঝে, ও জানে কী করতে হবে।’ বন্ডও জানিয়েছেন, ছয় বছর বয়স থেকেই যে দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছেন, সেই দল আর সতীর্থদেরই সবচেয়ে বেশি মিস করবেন। আন্তর্জাতিক ক্রিকেটও কি তাঁকে কম মিস করবে? ওয়েবসাইট।