ক্রিকেটটাকে সহজ মনে হচ্ছে কামিন্সের!
ওয়ানডে ক্রিকেটে ফাস্ট বোলার প্যাট কামিন্সকে ছক্কা মেরেই স্বাগত জানিয়েছিলেন হাশিম আমলা। তবে দিন শেষে শেষ হাসিটা হেসেছেন ওই কামিন্সই। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার অভিষেকেই নিয়েছেন ৩ উইকেট। যার মধ্যে আছে এক বলের ব্যবধানে পাওয়া ক্যালিস ও ডুমিনির উইকেট দুটি। টি-টোয়েন্টির অভিষেকেও পেয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটটাকে সহজই মনে হচ্ছে কামিন্সের।কাল সেঞ্চুরিয়নে ডি/এল পদ্ধতিতে ৯৩ রানে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়া ১৯ ওভারে ১ উইকেটে ৯৬ করার পর ঝড়-বৃষ্টির কবলে পড়ে ম্যাচটি। আবারও শুরু হওয়ার আগে পেরিয়ে যায় প্রায় সাড়ে চার ঘণ্টা। ততক্ষণে ৫০ ওভারের ম্যাচ হয়ে গেছে ২৯ ওভারের। শেষ ১০ ওভারে ৮৭ রান করে সফরকারীদের মোট সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট ১৮৩। ওয়াটসনের চোটে ওপেন করতে নেমে রিকি পন্টিং সর্বোচ্চ ৬৩ রান করে হয়েছেন ম্যাচ সেরাও। এএফপি।জিততে হলে দক্ষিণ আফ্রিকার (১২৯) করতে হতো ২২৩ রান।