ক্রিকেটবিহীন সময়ে ‘বিশ্রাম’ই প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আয়ারল্যান্ড সফরটা যদি হয়...’, কথা শেষ করতে পারলেন না ইমরুল কায়েস। টেলিফোনের এ প্রান্ত থেকে জানানো হলো, আপাতত সে সম্ভাবনা নেই। বাংলাদেশ দলকে আতিথেয়তা দিতে আইসিসির অনুদানের অপেক্ষায় ছিল আয়ারল্যান্ড ক্রিকেট। কিন্তু সেটি এখনই পাওয়া যাচ্ছে না বলে বাংলাদেশকে লম্বা সফরের আতিথ্য দিতে পারছে না আইরিশ বোর্ড।শুনে ইমরুল কায়েস হতাশ, ‘তাহলে তো আর কোনো খেলাই নেই!’ গত মার্চের এশিয়া কাপের পর এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। আগস্টেই নির্ধারিত ছিল জিম্বাবুয়ে সফর। আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত হয়ে গেছে পাকিস্তান সফর। জিম্বাবুয়ে সফরও পিছিয়ে গেছে প্রায় এক বছর। আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাংলাদেশকে তাই অপেক্ষা করতে হচ্ছে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ছয় মাসের বিরতিটাকে বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন দেখছেন ইতিবাচকভাবে, ‘খেলোয়াড়দের বিশ্রামও প্রয়োজন। সেদিক দিয়ে লম্বা বিরতিটাকে শাপে বর হিসেবে দেখা যায়। ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকাটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে খেলোয়াড়দের ওপর।’ নির্বাচক হাবিবুল বাশারও ছয় মাসের ‘বিশ্রাম’টাকে নেতিবাচকভাবে দেখতে রাজি নন, ‘এটা শারীরিক ও মানসিক বিশ্রামের একটা সুযোগ। গত এক বছর ছেলেরা টানা খেলার মধ্যে ছিল। এ রকম বিশ্রামের সুযোগ কমই আসে।’কিন্তু এশিয়া কাপে অমন দুর্দান্ত পারফরম্যান্সের রেশ ধরে রাখার জন্য খেলার মধ্যে থাকাটাই বোধহয় বেশি জরুরি ছিল ক্রিকেটারদের জন্য। পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজ ঝুলে যাওয়ার পর বিসিবি যে চেষ্টা করেনি তা নয়। দক্ষিণ আফ্রিকা রাজি হয়নি তাদের ক্রিকেটারদের ওপর চাপ বেশি পড়ে যাবে বলে। আয়ারল্যান্ডও কিছুদিন আশায় রেখে এখন একরকম অপারগতাই প্রকাশ করছে। কথা ছিল, আয়ারল্যান্ডে গেলে বাংলাদেশ দল একটি চার দিনের ম্যাচ ছাড়াও পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কিন্তু আইসিসির অনুদান আপাতত পাচ্ছে না বলে তাদের নতুন প্রস্তাব, তিন ওয়ানডের সিরিজ। তবে বিমান ভাড়াটা বিসিবিকেই দিতে হবে। প্রচুর টাকা খরচ করে আয়ারল্যান্ডে গিয়ে শুধু তিনটা ওয়ানডে! সংগত কারণেই বিসিবি চিন্তাটা বাদ দিচ্ছে।চাইলেও তো কিছু করার নেই। ক্রিকেটাররা এখন তাই মন্দের ভালো খুঁজে নিচ্ছেন। এশিয়া কাপের ছন্দ ধরে রাখতে খেলার মধ্যে থাকা উচিত ছিল মনে করেন মাশরাফি বিন মুর্তজা। সেটা যখন হচ্ছেই না, মাশরাফি চান সময়টাকে অন্যভাবে কাজে লাগাতে, ‘এই সময় সবাই পরিপূর্ণ বিশ্রাম নিতে পারে। তবে ফিটনেস ধরে রাখার দিকেও জোর দিতে হবে। লম্বা বিরতি সমস্যা হবে তখনই, যখন এটা আমাদের ফিটনেসে প্রভাব ফেলবে।’ সেটা যেন না হয়, সে দায়িত্ব নিজেদের ওপরই নিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘আমরা পেশাদার ক্রিকেটার। সব দোষ এফটিপি বা ক্রিকেট বোর্ডের ওপর চাপানো যাবে না। ম্যাচ ফিটনেস যদিও আলাদা ব্যাপার, তবে চাইলেই আমরা নিজেদের ফিট রাখতে পারি। সবাই এখন জানে, তাদের কী করতে হবে।’ মাশরাফি নিজেও সময়টা কাটাচ্ছেন নিয়মিত ফিটনেস ট্রেনিং করে। তবে আপাতত তিনি নড়াইলে। ‘কয়েকটা দিন পুরোপুরি বিশ্রাম নিতে চাই।’ টেলিফোনে বললেন মাশরাফি।গত কিছুদিন ঢাকায় ফিটনেস ট্রেনিং করেছেন ওপেনার ইমরুল কায়েস। তিনিও এখন নিজ শহর মেহেরপুরে। ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে যাবেন সেখানেও। তবে ইমরুল চাচ্ছেন খেলা থেকে একদমই দূরে থাকতে, ‘এতে খারাপ কোনো প্রভাব পড়বে মনে হয় না। আমাদের শারীরিক-মানসিক দুই রকম বিশ্রামই দরকার ছিল। সেটা হচ্ছে।’অধিনায়ক মুশফিকুর রহিম পরীক্ষা নিয়ে ব্যস্ত। শাহরিয়ার নাফীসও ঢাকায়। পালা করে জিম-রানিং চালিয়ে যাচ্ছেন। ফিটনেস ঠিক রাখতে নিজ উদ্যোগে একজন ট্রেনার রাখছেন সঙ্গে। সাকিব আল হাসান-তামিম ইকবাল আইপিএলে। সাকিব তিনটা ম্যাচ খেললেও তামিম সময় কাটাচ্ছেন ঘুরেফিরে আর অনুশীলনে। মোহাম্মদ আশরাফুল গেছেন কেন্ট লিগ খেলতে। কাঁধের চিকিৎসা করাতে এ মাসের ১৩-১৪ তারিখে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা রুবেল হোসেনের।বাকিরা অধীর অপেক্ষায় আছেন চট্টগ্রামে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার। ক্রিকেটবিহীন সময়ে মাঠে নামার এটাই যে একমাত্র সুযোগ! কিন্তু বিধি বোধহয় এখানেও বাম। এ মাসের শেষের দিকে হওয়ার কথা থাকলেও কাল শোনা গেল, আগামী নভেম্বরের আগে মাঠে গড়ানোর সম্ভাবনা নেই এই টুর্নামেন্টের।