ক্রিকেটানন্দের শহরে...

এক ছাদের নিচে ৫৬ ক্রিকেটার! সঙ্গে বোর্ড পরিচালক, নির্বাচক, কোচ, আম্পায়ারদের ধরলে সেখানেও আছেন একদল সাবেক ক্রিকেটার। সিলেটের রোজ ভিউ হোটেল যেন ক্রিকেটারদের মিলনমেলা।
মিলনমেলাকে উৎসবের রূপ দিয়ে কাল রাতে ছোটখাটো একটা বারবিকিউ পার্টিও হলো হোটেলে, সঙ্গে নিজেদের আয়োজনে কনসার্ট। পুরো ব্যাপারটাকে ক্রিকেটারদের ‘টিম অ্যাফোর্ট’ বলতে পারেন। সাবেক-বর্তমান মিলিয়ে মোট ৭০-৭৫ জন ক্রিকেটারের প্রত্যেকে অনুষ্ঠানের জন্য ১৫০০ টাকা করে চাঁদা দিয়েছেন।
কাল রাতের ওই অনুষ্ঠানের পর সিলেটকে নিশ্চয়ই আরও রঙিন মনে হচ্ছে ক্রিকেটারদের কাছে। তবে ক্রিকেটের ভেন্যু হিসেবে সিলেট তাদের মনে ঠাঁই পেয়ে গেছে আগেই। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এই প্রতিবেদকের টেলিফোনে কথা হচ্ছিল কাল বিকেলে, ‘এখানকার মাঠ, উইকেট, দর্শক—সবই অসাধারণ। উইকেট থেকে পেসাররা যেমন সাহায্য পাচ্ছে, স্পিনারদের বলও ভালো হচ্ছে। আবার যেসব ব্যাটসম্যান শট খেলতে পছন্দ করে, তারা রানও পাচ্ছে। আমরা সাধারণত দেশের মাটিতে এ রকম উইকেটে খেলার সুযোগ পাই না।’
সিলেটের হোটেল জীবনের কথা বলতে গিয়ে তো আরও রোমাঞ্চিত হয়ে উঠলেন মোহামেডান অধিনায়ক, ‘এক হোটেলে সবাই আছি, এটাই মজা। খেলা শেষে হোটেলে ফিরে একসঙ্গে আড্ডা দিচ্ছি সবাই। দুষ্টামি করছি। ৫০-৬০ জন খেলোয়াড় একসঙ্গে থাকলে যা হয় আরকি।’ রোজ ভিউ হোটেলের লবিতে একটা কফিশপ আছে। ওটাই আড্ডার কেন্দ্রস্থল। খেলোয়াড়দের সেই আড্ডায় কী না উঠে আসছে! আরও কী করলে বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল হতে পারে থেকে শুরু করে কাদের মোল্লার ফাঁসি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি কিংবা অ্যাশেজ—‘টক শো’র শাখা-প্রশাখা ছড়িয়ে পড়ে সবদিকেই।
দেশের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে খেলোয়াড়দের প্রতি ‘যত পারো কম বাইরে যাও’ জাতীয় একটা অলিখিত পরামর্শ দেওয়া আছে বোর্ড এবং দলগুলো থেকে। খেলোয়াড়েরাও সে পরামর্শ মেনে চলছেন। কাল ছুটির দিনটা বেশির ভাগ ক্রিকেটার তাই হোটেলেই কাটালেন। পরশু সিলেটে পৌঁছেই ম্যাচ খেলা সাকিব আল হাসান বিকেলের দিকে হোটেলে কথা বলেছেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। সিলেট নিয়ে মুগ্ধতা তাঁর মধ্যেও, ‘খালি মাঠে খেলতে কোনো খেলোয়াড়েরই ভালো লাগে না। মাঠভর্তি দর্শক থাকলে খেলোয়াড়দেরই বেশি ভালো লাগে। সিলেটের মাঠে এত দর্শক দেখে আমিও তাই অভিভূত। শুনেছি প্রথম দিনে নাকি আরও বেশি দর্শক হয়েছে।’ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অধিনায়কের মাঠ পর্যবেক্ষণে অবশ্য ভালো-খারাপ দুটি দিকই আছে। উইকেটকে ভালো বললেও সঙ্গে যোগ করেছেন ‘আউটফিল্ডে আরও কিছু কাজ করা প্রয়োজন।’
তামিম ইকবাল টুর্নামেন্ট শুরুর আগেই বলেছেন, এ রকম টুর্নামেন্ট প্রতিবছর হওয়া উচিত। আর এখন তো মাঠ-হোটেল মিলিয়ে আনন্দস্রোতেই ভাসছেন, ‘খুবই উপভোগ করছি। সাবেক-বর্তমান ক্রিকেটাররা একসঙ্গে আছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি—এমন সুযোগ তো সব সময় আসে না।’ ইউসিবি-বিসিবি একাদশের অধিনায়ক মুগ্ধ স্থানীয় দর্শকদের আচরণেও, ‘এখানকার দর্শকেরা অনেক সমর্থন দিচ্ছেন আমাদের। অনেক জায়গায় ব্যাটসম্যানরা খারাপ করলে দর্শকেরা দুয়ো দেয়। কিন্তু কাল (পরশু) আমি রান না করেও ড্রেসিংরুমে ফেরার সময় হাততালি পেয়েছি।’
সিলেটে গিয়ে এই মুগ্ধতায় বিহ্বল আসলে সবাই। আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম সরাসরিই ব্যাট করলেন সিলেট ভেন্যুর জন্য, ‘এই ভেন্যুতে ভবিষ্যতে আরও বেশি খেলা হওয়া উচিত। এখানকার মানুষ ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট বোঝে। তাদের ভালোবাসা, ভক্তি খুব ভালো লেগেছে।’
শাহরিয়ার নাফীসের চোখে সিলেটের চিত্রটা একরকম, আর পুরো দেশের চিত্র অন্য রকম, ‘আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, পুরো দেশ যখন একটা অস্থির সময় পার করছে, তখন সিলেটে ঠিক তার উল্টো অবস্থা। মানুষ মাঠে যাচ্ছে, খেলা দেখছে, আনন্দ করছে। ক্রিকেট এখানে পুরো দৃশ্যটাই পাল্টে দিয়েছে।’ একসঙ্গে অনেক খেলোয়াড়ের হোটেলবাস বিপিএলেও দেখেছেন শাহরিয়ার। কিন্তু সেটার সঙ্গে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট উপলক্ষে একসঙ্গে থাকার পার্থক্য খুঁজে পাচ্ছেন মোহামেডানের এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘বিপিএলে অনেক কিছুই গোছানো থাকত না। এখানে তা নয়। সবাই একসঙ্গে থাকায় মজাটা বেশি হচ্ছে।’
অন্য যেকোনো ক্রিকেটের তুলনায়ই বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্রিকেটারদের পকেট ভারী করছে কম। সেটা যেন কোনো ব্যাপারই নয়। সিলেটে ক্রিকেটানন্দই জীবনানন্দ।