ক্রিকেটার বার্নিকাট!

বিসিবির একাডেমি মাঠের সীমানার চারপাশে দাঁড়িয়ে শ দুয়েক দর্শক। দেখছিল শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচ। হঠাৎই মাঠে ঢুকলেন মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতের ইচ্ছা হলো ক্রিকেট খেলার। কিন্তু চাইলেই তো আর খেলা যায় না। কীভাবে ব্যাট ধরতে হয়, কীভাবে বল করতে হয়—সেটাই যে জানা নেই মার্কিন কূটনীতিকের! কোচ হিসেবে এগিয়ে এসে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং পরিচালক জালাল ইউনুস শিখিয়ে দিলেন ব্যাটিং। ‘বাঁহাতি ব্যাটার’ কিন্তু একটুও ভড়কে যাননি। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের বলে সজোরে ব্যাট চালালেন, বল গেল সীমানার বাইরে। ১ ওভার ব্যাট করার পর বোলিংয়েরও ইচ্ছা হলো। বোলার বার্নিকাট অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি, সব বলই উড়িয়ে মেরেছেন মাহমুদউল্লাহ। বেসবল, বাস্কেটবলের দেশের মানুষটি চাইলে ক্রিকেটারও হয়ে যেতে পারেন! অনুষ্ঠানের সঞ্চালক তো মজা করে বললেন, ‘বাংলাদেশ মহিলা ক্রিকেট দল নতুন প্রতিভা খুঁজছে। চাইলে আপনি দলে ঢোকার চেষ্টা করতে পারেন।’ সঞ্চালকের এমন কথা শুনে হেসেই খুন বার্নিকাট!