ক্রিকেটারদের অনুশীলন ম্যাচ খুলনায়
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন খেলাটেলার চেয়ে ঘাস বাছাইয়ের কাজই বেশি হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সংস্কারকাজ চলছে ঢাকা, চট্টগ্রামের অন্যান্য মাঠেও। জাতীয় দলের ক্রিকেটারদের তাই অনুশীলন ম্যাচ খেলতে যেতে হচ্ছে খুলনায়।
বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে গত এপ্রিলে, জিম্বাবুয়ে সফরে। এই বিরতি তো আছেই, এমনিতেও দীর্ঘ পরিসরের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটাররা একটু কমই খেলেন। টেস্ট ম্যাচে নামার আগে তাই প্রস্তুতি ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের জন্য। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ৩-৫ সেপ্টেম্বর তিন দিনের সেই ম্যাচটাই খেলবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। ম্যাচ খেলার জন্য ২ সেপ্টেম্বর খুলনা যাওয়ার আগে অবশ্য কাল ঢাকায়ও অনুশীলন আছে।
প্রস্তুতি ম্যাচে প্রতি দলে থাকবেন ১২ জন করে, তবে বোলিং-ব্যাটিং করতে পারবেন সর্বোচ্চ ১১ জনই। এই ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকেও খেলানোর পরিকল্পনা আছে নির্বাচকদের। যদিও প্রধান নির্বাচক আকরাম খান কালই সেটা নিশ্চিত করলেন না, ‘মাশরাফির ফিটনেস রিপোর্টটা এখনো হাতে পাইনি। কাল-পরশু (আজ-কাল) ওটা হাতে পেলে বুঝতে পারব কী অবস্থা। তবে আমরা চাই ও খেলুক। ৪-৫ ওভার বলও যদি ফুল রিদমে করতে পারে, তা-ও ভালো।’
নির্বাচকেরা আদতে চেয়েছিলেন টেস্ট সিরিজ শুরুর আগে আরও তিন দিনের ম্যাচ খেলুক ক্রিকেটাররা। কিন্তু প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে বলে ক্রিকেটারদের ছাড়ার তাড়া আছে। ‘এ রকম আরও ম্যাচ খেলতে পারলে ভালো হতো। কিন্তু ১০ তারিখের মধ্যে যদি লিগ শুরু হয়, হাতে তো সময় নেই’—বলছিলেন আকরাম খান।