ক্রিকেটারদের অন্য রকম এক দিন

প্রথম শ্রেণীর ছাত্র তারেক আর কামরুল। চোখের সামনে এত বড় বড় তারকাকে দেখে, তাঁদের সঙ্গে হাত মিলিয়ে রীতিমতো শিহরিত দুজনই। একটু পর তারা দেখল এই তারকারা তাদের জন্য খাবার এনেছেন, কথা বলছেন, এমনকি ক্রিকেটও খেলছেন! তারেক-কামরুলের মতো অভূতপূর্ব এই অভিজ্ঞতার সাক্ষী মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টি এলাকার বায়তুস সুজূগ জামে মসজিদ মাদ্রাসার সব ছাত্রই।
সামাজিক ও দাতব্যকাজে খেলোয়াড়দের অংশগ্রহণের কথা প্রায়ই শোনা যায়। সেসবের বেশির ভাগেরই উদ্যোক্তা থাকে কোনো প্রতিষ্ঠান। কিন্তু কাল দুপুরে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে মিরপুরের ওই মাদ্রাসায় হাজির বাংলাদেশ ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেখানকার ছাত্রদের জন্য ক্রিকেটাররা সঙ্গে নিয়ে গেলেন কেএফসি ও পিৎজা হাটের খাবার, খেলার সরঞ্জাম এবং নিজেদের চাঁদায় তোলা ৫০ হাজার টাকা। টাকাটা মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা বারবার বলে দিলেন, এই টাকায় যেন সব ছাত্রকে নতুন কাপড় কিনে দেওয়া হয়। সেই কাপড় পরিয়ে সবার একটা গ্রুপ ছবি তুলে তা যেন পৌঁছে দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট দলের কাছে।
বায়তুস সুজূগ জামে মসজিদ মাদ্রাসার ৭৭ জন ছাত্রের মধ্যে ৩৩ জনই পিতৃ-মাতৃহীন। তাদের সঙ্গে একটা বেলা কাটাতে পেরে অভিভূত ক্রিকেটার তামিম ইকবাল, ‘আমার নিজেরও বাবা নেই। আর ওদের তো বাবা-মা কেউই নেই! সেদিক থেকে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়।’ ছোট ছোট শিশুদের মনে রাখার মতো একটা দিন উপহার দিতে পেরে দারুণ খুশি জাতীয় দলের ওপেনার, ‘আমরা যদি আমাদের পাঁচটা মিনিট সময় দিই তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। কিন্তু এই পাঁচটি মিনিট সময় এই বাচ্চাগুলোকে সারা জীবন মনে রাখার মতো একটা স্মৃতি দেবে।’
আবদুর রাজ্জাক ও নাসির হোসেনের জন্য এতিমখানার শিশুদের সঙ্গে সময় কাটানো নতুন অভিজ্ঞতা নয়। নাসিরের বাড়ির কাছেই নাকি এ রকম একটা এতিমখানা আছে। বাড়িতে গেলে সেখানে একবার ঢুঁ মারবেনই। একই কথা বললেন রাজ্জাকও, ‘আমি প্রায়ই যাই ওখানে, বাচ্চাদের সঙ্গে কথা বলি। ওদের আনন্দ দেখলে আমারও খুব ভালো লাগে। তাদের জন্য কিছু করার ইচ্ছে হয় সব সময়ই।’
শুধু কথা বলা নয়, কাল রাজ্জাক-নাসিরদের সঙ্গে ক্রিকেট খেলারও সুযোগ পেয়ে গেল বায়তুস সুজূগ মাদ্রাসার ছাত্ররা। মাদ্রাসার ভেতর ছোট্ট মাঠে এক প্রান্ত থেকে টেনিস বলে বল করছেন কখনো রাজ্জাক, কখনো আল আমিন, কখনো বা স্বয়ং অধিনায়ক মুশফিকুর রহিম। অন্য প্রান্তে ব্যাট হাতে একেকবার একেক মাদ্রাসার একেক ছাত্র। পেছনে উইকেটকিপার এনামুল হক। পরে তো মুশফিক নিজেও নেমে পড়লেন ব্যাটিংয়ে।
মাদ্রাসা থেকে বের হওয়ার আগে মুশফিক ব্যাখ্যা করলেন তাদের এই সফরের কারণ, ‘গত কিছুদিনে আমাদের অনেক খেলোয়াড় চোট পেয়েছে। ভাগ্যও আমাদের সহায় হচ্ছে না। সে জন্যই সবাই মিলে ভাবলাম ভালো একটা কাজ করি। বিশ্বকাপ অনেক বড় একটা ইভেন্ট, আমরা চাই পুরো দেশবাসীর দোয়া যেন আমাদের সঙ্গে থাকে।’