ক্রিকেটারদের আনন্দ-বেদনার ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ ধরার জন্য কোথায় ভালো পুকুর-টুকুর আছে, গত কয়েক দিন সেই খোঁজখবরই নিয়েছেন আবু বকর সিদ্দিক সাহেব। ছেলে আসছে। সঙ্গে আনছে মাছ ধরার নতুন হুইল। বাবার তাই উৎসাহের শেষ নেই।সাবেক ক্রিকেটার ও বর্তমানে ব্যবসায়ে মনোযোগী আবু বকর সিদ্দিক সাহেবের ছেলের নাম জুনায়েদ সিদ্দিক, বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে সদ্য দক্ষিণ আফ্রিকা-ফেরত। সেখান থেকেই মাছ ধরার ভালো হুইল নিয়ে এসেছেন জুনায়েদ। বাবা-ছেলে মিলে মাছ শিকারের শখ অনেক দিনের। জুনায়েদ গত পরশু রাজশাহীতে গেছেন সেই নেশার টানেই, ‘আব্বু আর আমি দুজনই বড়শিতে মাছ ধরাটা খুব এনজয় করি। খুব মজা হবে।’ যেন, ‘মৎস্য মারিব, খাইব সুখে...কী আনন্দ লাগিছে বুকে!’বিশ্বকাপ আর অস্ট্রেলিয়া সিরিজের পর অন্য ক্রিকেটাররা ছুটি পেলেও জুনায়েদ ও আশরাফুল তা পেলেন দক্ষিণ আফ্রিকা সফর করে এসে। ছুটিতে বাবার সঙ্গে মাছ ধরাই প্রধানতম আকর্ষণ, তবে ক্রিকেট একেবারেই তোলা থাকবে না জুনায়েদের, ‘জাতীয় লিগের ফাইনাল খেলব। এরপর রানিং-জিম চালিয়ে যাব। ফিটনেসটাও তো ধরে রাখতে হবে।’জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের আর আন্তর্জাতিক ক্রিকেট নেই। ক্রিকেটাররা পেয়ে গেছেন তাই লম্বা অবসর। ছুটি কাটাতে তামিম ইকবাল যেমন দুই বন্ধুকে নিয়ে দুই সপ্তাহ বিদেশে ঘুরে এসেছেন। তবে অলক কাপালি-শাহরিয়ার নাফীসদের মতো অনেকে জাতীয় লিগে খেলেছেন। আপাতত আর কোনো খেলা না থাকায় শাহরিয়ারের চোখ এখন চট্টগ্রাম লিগে, সঙ্গে ব্যস্ততা সংসার নিয়েও, ‘চট্টগ্রাম লিগে খেলতে পারি। তবে ছুটিতে পরিবারকেই সময় দিচ্ছি বেশি। ছেলেকে স্কুল থেকে আনা-নেওয়া করতে হয়।’চট্টগ্রাম লিগে ম্যাচ খেলে এসেছেন মাহমুদউল্লাহও। তবে খেলা-টেলার চেয়ে পড়াশোনা আর ব্যক্তিগত কাজ নিয়েই বেশি ব্যস্ত, ‘বিবিএ ফাইনাল সেমিস্টারের মিড টার্ম হয়ে গেল। মাস দেড়েক পর ফাইনাল পরীক্ষা। পড়াশোনা নিয়েই বেশি সময় কাটছে। সঙ্গে ব্যক্তিগত কিছু কাজও সারছি।’ মাহমুদউল্লাহ খেলবেন ১০ এপ্রিল থেকে শুরু জাতীয় লিগের ফাইনাল ম্যাচটা।ঢাকা বিভাগের হয়ে এই ম্যাচে মোহাম্মদ আশরাফুলকেও দেখা যাবে। তবে এর আগে-পরে তাঁর ছুটিটা বিস্বাদ হয়ে ওঠার একটা আশঙ্কাও জেগেছে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ডান হাঁটুর এমআরআই করিয়েছিলেন। রিপোর্টে দেখা যাচ্ছে, হাঁটুর মিনিসকাসে সমস্যা। হাঁটু ভাঁজ করার সময় ব্যথা হয়। দক্ষিণ আফ্রিকায় হাঁটুতে টেপ লাগিয়ে খেলতে হয়েছে এ কারণে। ছোট একটা অস্ত্রোপচারই হয়তো এর সমাধান। আশরাফুলও বলেছেন, ‘জাতীয় লিগের ফাইনালের পরই হয়তো অপারেশনটা করিয়ে ফেলব। এখন তো হাতে সময়ও আছে।’ অস্ত্রোপচারের জন্য পরামর্শ নিতে ঢাকাতেই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন আশরাফুল। যদি চিকিৎসক এখনই অস্ত্রোপচার না করার কথা বলেন, তাহলে ফাঁকা সময়টাতে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেটে খেলার ইচ্ছা আছে তাঁর।ইমরুল কায়েসের ইনজুরি-টিনজুরি নেই। বান্দরবান ঘুরে এসে জীবনে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম দেখার রোমাঞ্চ ছিল তাঁর মধ্যে। কিন্তু বোনের অসুস্থতায় সেই রেশটা হারিয়ে যায়। দুই দিন আগে মেহেরপুরে চলে গেছেন ইমরুল। ছুটির বাকি কয়টা দিন বাবা-মা আর নিজের ক্রিকেট একাডেমি নিয়েই থাকতে চান।ক্রিকেটবিহীন জীবনটা আর সবার চেয়ে বেশি উপভোগ করছেন বোধ হয় রুবেল হোসেন। বাগেরহাটে নিজের বাড়িতে গিয়ে কাটাচ্ছেন অলস সময়। ভাইকে এত দিন পর লম্বা সময় ধরে পাওয়ার লোভে ঢাকা আর গোপালগঞ্জ থেকে ছুটে গেছেন বড় দুই বোন। সঙ্গে বন্ধুবান্ধবকে নিয়ে আড্ডা, ঘোরাঘুরিও কম হচ্ছে না। রুবেলের তার পরও আক্ষেপ, ‘আব্বাকে পেলাম না। আমি আসার আগেই উনি চার মাসের চিল্লায় গেছেন। ফিরতে ফিরতে হয়তো আমি ঢাকা চলে যাব।’খেলার অংশটুকু বাদ দিলে ছুটি যেভাবে কাটানো উচিত, ঠিক সেভাবে কাটানোর হাতছানি ছিল সাকিব আল হাসানের সামনে। আইপিএলে খেলার সুবাদে ভারত ভ্রমণটাও হয়ে যাচ্ছিল। আর খেলা ধরলেই কি, প্রথম তিন ম্যাচের পারফরম্যান্স দিয়ে মাঠের অংশটাও কম উপভোগ্য করে তোলেননি বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সুখের মধ্যে দুঃখ মেশানো থাকবে না, তাও কি হয়? সাকিবকে হঠাৎ করেই ফিরতে হলো দেশে, অসুস্থ মায়ের শয্যাপাশে।কী আর করা! ছুটি তো আর সবার জন্যই ‘কাঁচা আমের মধুর রসে রঙিন করি মুখ’-এর আবাহন নিয়ে আসে না। ছুটিতে থাকে ঝড়-ঝাপটাও। নয়তো ছুুটি কাটানোটাও কখনো কখনো হয়ে পড়ে ক্লান্তিকর।