ক্রিকেটারদের কাছে যেন সতর্কবার্তা
সকালে এক নিকটাত্মীয়ের কাছে প্রথম শোনেন খবরটা। প্রথম আলোয় নাকি ম্যাচ ফিক্সিং নিয়ে কী লিখেছে। পত্রিকা হাতে নিয়ে চোখ কপালে ওঠার জোগাড় আবদুর রাজ্জাকের। এ-ও কি সম্ভব!রাজ্জাকের মতো একই রকম প্রতিক্রিয়া বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারের। বিপিএলে মোহাম্মদ আশরাফুলের ফিক্সিংয়ের বিষয়টা কয়েক দিন ধরেই পত্রপত্রিকায় আসছে। সেটা নিয়ে নতুন করে আগ্রহী হওয়ার কিছু নেই। তবে খেলোয়াড়েরা চমকে উঠেছেন সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ ও খালেদ মাসুদ এবং সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের ফিক্সিংয়ে জড়িত থাকার খবরে। অবিশ্বাস, বিস্ময় আর সম্ভাব্য পরিণতি ভেবে শিউরে উঠেছেন সবাই।‘সত্যি বলছি...আমার বিশ্বাস হচ্ছে না এটা। মনে হয়, কোথাও কোনো ঝামেলা হচ্ছে’—টেলিফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলছিলেন রাজ্জাক। বিশ্বাস না হওয়ার কারণ, ‘তাঁদের সবাইকে খুব কাছ থেকে দেখেছি। একসঙ্গে খেলেছি। কখনো মনে হয়নি তাঁরা এসব করছেন বা করতে পারেন। দেখবেন, শেষ পর্যন্ত ঠিকই বের হয়ে আসবে কোথাও কোনো একটা ভুল হয়েছে। আমাদের ক্রিকেটের বিরুদ্ধে বাইরের কারও ষড়যন্ত্রও হতে পারে।’ জাতীয় দলের বাঁহাতি স্পিনারের প্রার্থনা, ‘যেন অভিযোগটা মিথ্যা হয়।’একই প্রার্থনা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও, ‘দোয়া করি, যেন এই অভিযোগ সত্য না হয়। প্রথম আলোর খবর ভুল হয়।’ আশরাফুলের সঙ্গে প্রায় একই সময়ে জাতীয় দলে খেলা শুরু করেছিলেন। সেই থেকে দুজনের ভালো বন্ধুত্ব। মাশরাফির ভাষায়, ‘আমি একা ঘুমাতে ভয় পেতাম। বিদেশ সফরে গিয়ে অনেক সময় তার সঙ্গে ঘুমিয়েছি। দিনের পর দিন একসঙ্গে কাটিয়েছি—কীভাবে বিশ্বাস করব আশরাফুল এ কাজ করতে পারে?’ সাবেক তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগকেও সত্যি মনে হচ্ছে না তাঁর, ‘চাচা (খালেদ মাহমুদ) আমাকে তৈরি করেছেন। তাঁর হাত ধরে ক্রিকেটার হয়েছি। আর রফিক ভাইয়ের কথা কী বলব? ওনার সঙ্গে এত ভালো সম্পর্ক! পাইলট ভাইয়ের (খালেদ মাসুদ) অধীনেও খেলেছি। আসলে মন থেকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না।’ কিন্তু আবেগ আর বাস্তবতা যে সব সময়ই আলাদা! সেটা মনে করিয়ে দিতে মাশরাফিও ফিরলেন বাস্তবে, ‘বিষয়টা এখনো তদন্তাধীন। তাই মন্তব্য করা কঠিন। তবে ঘটনা সত্য হলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না।’খুব ভোরে রংপুর থেকে রওনা দিয়ে কাল দুপুরে ঢাকায় পৌঁছেছেন নাসির হোসেন। পৌঁছেই ঘুম, উঠেছেন বিকেলে। পত্রিকা পড়া হয়নি তখনো। টেলিফোনে এই প্রতিবেদকের কাছে প্রথম আলোয় ছাপা হওয়া বোমা ফাটানো খবরটা জেনে তাই থমকে গেলেন জাতীয় দলের এই ক্রিকেটার। প্রথমে কোনো মন্তব্য করতে না চাইলেও পরে বললেন, ‘শুধু একটা কথা, বাংলাদেশের ক্রিকেটে এই জিনিসগুলো এত দিন ছিল না। এখন শোনা যাচ্ছে। এটা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা যারা খেলছি, তাদের আরও সাবধানতা অবলম্বন করতে হবে।’জাতীয় দলের নবীন খেলোয়াড় এনামুল হক (বিজয়) অবশ্য বিষয়টাকে সেভাবে দেখছেন না। তাঁর দৃষ্টিতে কারও সতর্ক থাকা না-থাকাটা নির্ভর করছে তাঁর ব্যক্তিত্বের ওপর, ‘যারা সতর্ক, তারা এমনিতেই সতর্ক। যারা সতর্ক নয়, তারা সতর্ক হবেও না। তবে আমি এসব নিয়ে খুব একটা ভাবি না, ফিক্সিংও বুঝি না। আমি শুধু ক্রিকেট বুঝি।’জাতীয় দলের বাইরে চলে গেলেও সবার সঙ্গেই নিয়মিত যোগাযোগ তুষার ইমরানের। বিস্ময়ে হতভম্ব তিনিও, ‘খুবই খারাপ লাগছে। আমাদের ক্রিকেটে অনেক দিন ধরেই এসব নিয়ে গুঞ্জন ছিল। এরপর শুনলাম, আশরাফুলকে আকসু জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু আরও যে নাম জড়িয়ে যাবে, সেটা কল্পনাতেও ছিল না।’তুষারের মতো জাতীয় দলের বাইরে আছেন অলক কাপালিও। ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে পরিচয় তাঁর আইসিএলে খেলতে গিয়ে, ‘আইসিএলে আমাকে একবার এক বুকি ফোন করেছিল। আমি তার সঙ্গে বেশি কথা না বলে সেটা দুর্নীতি দমনের লোকদের জানিয়ে দিই। পরে তারা আমাকে অনেক সাহায্য করেছিল।’ ক্রিকেট-দুর্নীতির প্রতি অলকের ঘৃণাটা এতে বোঝা যায়। ম্যাচ ফিক্সিং নিয়ে সাম্প্রতিক বিতর্ক হয়তো সে কারণেই মাথায় ঢুকছে না তাঁর, ‘বুঝতে পারছি না, এসব কী হচ্ছে। বিদেশের ক্রিকেটাররা এসব করে, জানি। তবে আমরা কখনোই আশা করি না যে বাংলাদেশের খেলোয়াড়েরাও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকবে। থাকলে সেটা খুবই দুঃখজনক।’দুঃখ, হতাশা, বিস্ময় তো আছেই, সঙ্গে আছে লজ্জাও। ক্রিকেটার হয়ে ক্রিকেটারদের পথভ্রষ্ট হয়ে যাওয়া দেখার লজ্জা। মাশরাফি-রাজ্জাকের মতো সব ক্রিকেটারেরই এখন তাই একটাই আকুতি—যেন মিথ্যা হয় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ।