সবই হচ্ছে, তবে হচ্ছে জল ঘোলা করে। দাবি মানা না হলে বিদ্রোহী কণ্ঠে লিগ বর্জনের হুমকি দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নামমাত্র শর্তে ৩ জুলাই থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে রাজি হয়ে গেছেন ক্রিকেটাররা।
কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল এবং ক্রিকেটারদের দুই প্রতিনিধি তুষার ইমরান ও তারেক আজিজের সঙ্গে কাল বিকেলে আলোচনায় বসেছিলেন সিসিডিএম প্রধান জালাল ইউনুস ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এনায়েত হোসেন। আলোচনায় খেলোয়াড়েরা লিগ খেলতে রাজি হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিসিডিএম প্রধান, ‘টাকাপয়সার ব্যাপারটা তারা মেনে নিয়েছে। তবে আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি যে গ্রেডেশন ও রোটেশন পদ্ধতিতে কেবল এবারই লিগ হবে। আগামীবার থেকে আগের মতোই হবে দলবদল। তারা লিগ শুরুর আগে ৭০ ভাগ টাকা চেয়েছে। আমরা অন্তত ৫০ ভাগ অর্থ অগ্রিম দেওয়ারও নিশ্চয়তা দিয়েছি।’
সভার পর কোয়াব সাধারণ সম্পাদকের মোবাইল বন্ধ পাওয়া গেলেও লিগ খেলতে রাজি হওয়ার কথা স্বীকার করেছেন তুষার, ‘আমরা ৩ জুলাই থেকে খেলব বলে জানিয়েছি। তবে আমাদের কিছু শর্ত আছে। এবারের পর আর লিগে রোটেশন পদ্ধতি থাকতে পারবে না। এ ছাড়া বলেছি যেন ৭০ ভাগ টাকা অগ্রিম দেওয়া হয়।’ রোটেশন পদ্ধতিতে লিগ আয়োজনের কথা অবশ্য সিসিডিএম শুরু থেকেই বলে আসছে। তবে তুষারের দাবি, ‘এটা আমরা জানতাম না।’
কঠোর অবস্থান থেকে হঠাৎ করেই খেলোয়াড়দের এমন নমনীয় হয়ে পড়ার কারণ একটা ব্যাপারে জাতীয় দলের ক্রিকেটারদের অসহযোগিতা। সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের সর্বশেষ সভায় দাবি মানা না হলে লিগ বয়কটের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রাখার জন্যও চাপ দেওয়া হয়েছিল অন্য ক্রিকেটারদের পক্ষ থেকে। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়েরা লিগ বয়কটে রাজি হলেও কন্ডিশনিং ক্যাম্প বন্ধ করে দেওয়ার প্রস্তাবে রাজি হননি। কোয়াবের আন্দোলন দমে গেছে সে কারণেই।
ওদিকে এখনো লিগ শুরুর তারিখ ৩ জুলাই রাখা হলেও আরও এক-দুই দিন পেছাতে পারে খেলোয়াড়দের লটারি ‘প্লেয়ার্স বাই চয়েজ’। লিগের পরিবর্তিত বাইলজ নিয়ে কাল সিসিডিএমের সঙ্গে আলোচনায় বসলেও সবকিছু গোছাতে আরও দু-এক দিন সময় চেয়েছে ক্লাবগুলো। ২২ জুন বিসিবি সভাপতির সঙ্গে একটা সভাও হওয়ার কথা তাদের। বিসিবির কাছ থেকে অর্থযোগ নিশ্চিত করাই এই সভার উদ্দেশ্য বলে জানা গেছে।