ক্রিকেটারদের পাশে বিসিবি সভাপতি
জিম্বাবুয়ে সিরিজে কেন ব্যর্থ বাংলাদেশ দল—এ প্রশ্নের উত্তর খুঁজছে বিসিবি। ঠিক হয়েছিল এ নিয়ে আগামী ২০ আগস্ট জরুরি সভায় বসবেন বোর্ড পরিচালকেরা। তবে কাল বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানালেন, সভাটি হচ্ছে না।‘অনেক বোর্ড পরিচালকই দেশের বাইরে। তা ছাড়া এ নিয়ে বোর্ড সভা ডাকার মতোও কিছু দেখছি না। একটা সিরিজে ফলাফল খারাপ হতেই পারে। আমরা তো আমাদের সেরা দলই জিম্বাবুয়েতে পাঠিয়েছি। ২০ আগস্ট বোর্ড পরিচালকদের একসঙ্গে বসার কথা থাকলেও কাল (আজ) সবাইকে জানিয়ে দেব আপাতত সভাটি হবে না’—গতকাল টেলিফোনে জানিয়েছেন বিসিবির সভাপতি।মাঠের ব্যর্থতার পাশাপাশি জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ দলসংক্রান্ত কিছু নেতিবাচক খবরও উড়ে আসছে ঢাকায়। যেসব খবর দলীয় শৃঙ্খলাকেও আলোচনায় নিয়ে এসেছে। তবে বোর্ড সভাপতি প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইলেন, ‘পত্রপত্রিকায় অনেক খবরই আসে। দল দেশে ফিরলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না।’ তবে সভাপতি জানিয়েছেন, ঈদের পরপরই বোর্ড সভা হবে। জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আলোচনা হবে সেখানে।সূত্র জানিয়েছে, সিরিজ হেরে গেলেও সফর চলাকালে এ নিয়ে কিছু করতে চাইছে না বিসিবি। দেশে ফিরে প্রতিনিধিদলের প্রধান, কোচ এবং ম্যানেজার তাঁদের প্রতিবেদন জমা দেবেন বোর্ডে। সেসবের ওপর ভিত্তি করেই ব্যর্থতার কারণ অনুসন্ধান করা হবে। তলব করা হতে পারে অধিনায়ক সাকিব আল হাসানকেও।