ক্রিকেটারদের বেতন বাড়ল ১৫ শতাংশ
কাঠামো পরিবর্তন হয়নি, তবে ১৫ শতাংশ বেতন বাড়ছে জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটারদের। বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় কাল ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাবটি পরবর্তী বোর্ড সভায় অনুমোদনের জন্য তোলার সিদ্ধান্ত হয়েছে।সভায় ১ ডিসেম্বর ২০১০ থেকে ৩০ নভেম্বর ২০১১ পর্যন্ত ক্রিকেটারদের নতুন চুক্তির তালিকাও চূড়ান্ত হয়েছে। ‘এ+’ শ্রেণীতে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ‘এ’ শ্রেণীর তিন ক্রিকেটার হলেন শাহাদাত হোসেন, জুনায়েদ সিদ্দিক ও মাহমুদউল্লাহ। ‘বি’ শ্রেণীতে আছেন সৈয়দ রাসেল, রকিবুল হাসান, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, ইমরুল কায়েস ও রুবেল হোসেন। ‘সি’ শ্রেণীতে শুধু শফিউল ইসলাম। এ ছাড়া ‘রুকি’ শ্রেণীতে নতুন করে চুক্তিতে ঢুকেছেন জহুরুল ইসলাম ও মোহাম্মদ সোহরাওয়ার্দী। সর্বশেষ চুক্তির মেয়াদে জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলায় চুক্তি থেকে বাদ পড়েছেন এনামুল হক ও মেহরাব হোসেন জুনিয়র।ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে কাল বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস বলেছেন, ‘প্রতিবছরই বেতন বাড়ানো হয়। তা ছাড়া খেলোয়াড়দের পক্ষ থেকেও দাবি ছিল। খেলোয়াড়েরা চেয়েছিল, বিসিবি যেন আয়করটাও দিয়ে দেয়। সেটা যেহেতু সম্ভব নয়, আশা করি, বর্ধিত বেতন তাদের আয়করের চাপ কমাবে।’সভায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজ নিয়েও আলোচনা হয়েছে। ঢাকায় অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ওয়ানডেটি দিবারাত্রির করার সুপারিশ করেছে বিসিবি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি। কোচ জেমি সিডন্স জিম্বাবুয়ে সিরিজে দিবারাত্রির ম্যাচ খেলতে না চাইলেও বিশ্বকাপে যেহেতু বাংলাদেশের ছয় ম্যাচের তিনটাই দিবারাত্রির, জিম্বাবুয়ের বিপক্ষে অভ্যাসটা ধরে রাখার পক্ষে মত দিয়েছে টেকনিক্যাল কমিটি।টেকনিক্যাল কমিটির প্রস্তাবগুলো আগামী বোর্ড সভায় অনুমোদনের কথা। ৩০ নভেম্বরের ইজিএমকে সামনে রেখে এই বোর্ড সভায় আলোচনা হওয়ার কথা বিসিবির গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনীও। তবে সূত্র জানিয়েছে, ইজিএম পেছাতে পারে। ইজিএমের ৩০ দিন আগে নোটিশ দেওয়ার কথা থাকলেও সেটিই এখনো পাঠানো হয়নি কাউন্সিলরদের।