ক্রিকেটারদের বোর্ডে চান সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটারদের সরাসরি বোর্ডে আসার পথ রুদ্ধ করে গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন করা হয়েছে গত ১ মার্চের বিশেষ সাধারণ সভায়। সে সংশোধনী ২৮ আগস্ট পাঠানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চূড়ান্ত অনুমোদনের জন্য। সঙ্গে গেছে ক্রীড়া প্রতিমন্ত্রীকে লেখা বিসিবি সভাপতির একটি চিঠিও।জানা গেছে, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে পাঠানো বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের চিঠিতে বিসিবির সাধারণ পরিষদে ক্রিকেটারদের সরাসরি আসার পথ খোলা রাখার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে মুস্তফা কামাল লিখেছেন, বর্তমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৯.৩.৮ অনুযায়ী সাবেক ১৫ জন জাতীয় ক্রিকেটার সভাপতির মনোনয়ন নিয়ে আসেন বলে তাতে পক্ষপাতের আশঙ্কা থাকে। প্রস্তাবিত গঠনতন্ত্রে এই বিধান বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বিসিবি সভাপতির সুপারিশ, প্রস্তাবিত গঠনতন্ত্রে নতুন একটি অনুচ্ছেদ যোগ করে যেন ১৫ জন সাবেক জাতীয় ক্রিকেটারকে এনএসসির মনোনয়ন নিয়ে সাধারণ পরিষদে আসার বিধান রাখা হয়।ক্রীড়া প্রতিমন্ত্রীকে এমন একটি চিঠি দেওয়ার কথা স্বীকার করে বিসিবির সভাপতি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ক্রিকেটারদের বোর্ডে রাখব। কিন্তু আমার পক্ষে ইজিএমের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। সেজন্যই ক্রীড়া প্রতিমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি যেন সাবেক জাতীয় ক্রিকেটারদের এনএসসির প্রতিনিধি হিসেবে বোর্ডে আসার সুযোগ দেওয়া হয়।’বিসিবি সভাপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তবে এনএসসি সাবেক ক্রিকেটার মনোনয়নে কতটা স্বচ্ছ থাকবে, সেই শঙ্কা আছে তাঁর। ‘আমরা আশা করব, এনএসসি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সাবেক ক্রিকেটার হিসেবে কারা বিসিবির সাধারণ পরিষদে আসবেন’—বলেছেন দেবব্রত।