ক্রিকেটারদের সঙ্গে মনোবিদ পাঠাবে পিসিবি
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। তার ওপর প্রায় পাঁচ বছর পর ফিরে এসেছে দ্বিপক্ষীয় সিরিজ। আসন্ন ভারত সফরে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর প্রচণ্ড চাপ থাকবে, বলার অপেক্ষা রাখে না। তবে চাপ কমাতে ক্রিকেটারদের সঙ্গে একজন মনোবিদ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘এ সফরে ক্রিকেটারদের ওপর প্রচণ্ড চাপ থাকবে। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন। তাই ভারতে দলের সঙ্গে মনোবিদ মকবুল বাবরিকে পাঠাচ্ছি আমরা।’মকবুল বাবরি অবশ্য পাকিস্তানি ক্রিকেটারদের বিভিন্ন সময় নানা পরামর্শ দিয়েছেন। সর্বশেষ ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে মনোগত পরামর্শ দেন তিনি। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট তাঁকে ছয় মাসের দণ্ডাদেশ দেন। তখন আমিরের বয়স ছিল মাত্র ১৮ বছর। এ কারণে কারাগারের বদলে তাঁকে পাঠানো হয় কিশোর সংশোধন কেন্দ্রে। পুরো সাজা অবশ্য খাটতে হয়নি। তিন মাস সাজা খেটে এ বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরেন আমির। এরপর পিসিবির পরামর্শে মনোবিদ মকবুল বাবরির অধীনে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন আমির।পাকিস্তানের আসন্ন ভারত সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে, মোট পাঁচটি ম্যাচ হবে। আগামী ২২ ডিসেম্বর পাকিস্তান দলের ভারতে পৌঁছার কথা রয়েছে। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছেন পাকিস্তানি নির্বাচকেরা।ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। পরের বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসীদের অভিযুক্ত করে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রাখে ভারত। ওই বছর থেকে এখন পর্যন্ত আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়নি।