আউট হলে মান খারাপ হবেই। তাই বলে মুখটা বাংলার পাঁচ বানিয়ে ড্রেসিংরুমে ঘোরা চলবে না। তাতে ব্যক্তিগত ভাবাবেগে প্রভাবিত হবে দল। ব্যক্তির চেয়ে দল বড়। আউট হওয়ার দুঃখ ভুলে দলের সঙ্গে মিশে যেতে হবে। নিজেকে নিয়ে না ভেবে উজ্জীবিত করতে হবে দলকে। রিচার্ড পাইবাস এ জন্য আউট হওয়া ব্যাটসম্যানকে সময় দিতে চান ১০ মিনিট।এটা একটা উদাহরণ। নতুন কোচ এ রকম আরও অনেক চাওয়ার কথা কাল জানিয়েছেন নতুন ছাত্রদের। নতুন ছাত্র, মানে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও বলেছেন তাঁরা কী চান, কীভাবে চান। বিসিবির একাডেমি ভবনে জিম্বাবুয়ে সফরের প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের ২৬ জনসহ (নাজিমউদ্দিন ছিলেন না) ২৯ ক্রিকেটারের সঙ্গে পাইবাসের জানাশোনা পর্বটা চলল সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। ২৭ ক্রিকেটারের বাইরেও যোগ দিয়েছেন শাহরিয়ার নাফীস, রুবেল হোসেন ও রকিবুল হাসান। ছিলেন দুই নির্বাচক আর অন্য টিম স্টাফরাও।বিদেশি কোচ বাংলাদেশে এর আগেও এসেছেন। এসে নিজের মতামত চাপিয়ে দিয়েছেন, হয়তো নিজ থেকে লক্ষ্যও বেঁধে দিতেন। ইংলিশ কোচ পাইবাসকে এদিক দিয়ে ব্যতিক্রমই বলতে হবে। তিনি ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’-এ বিশ্বাসী। পাঁচ ঘণ্টার জানাশোনার পর্বে দলীয় লক্ষ্য, লক্ষ্য অর্জনের উপায়, আচরণ—সবই ঠিক করালেন ক্রিকেটারদের দিয়ে। খেলোয়াড়দের মতামতের ওপর ভিত্তি করে তৈরি হবে বাংলাদেশ দলের টিম রুলস। তাতে সই করবেন কাল উপস্থিত সব খেলোয়াড়।দলীয় মূল্যবোধ, মাঠের ভেতরের আচরণ, মাঠের বাইরের আচরণ, ড্রেসিংরুমের আচরণ ও অনুশীলনের ধরন—এই পাঁচ বিষয়ে খেলোয়াড়দের মতামত নেন কোচ। মোট ছয়টি দলে ভাগ করে এ বিষয়গুলোর ওপর মতামত লিখতে বলা হয় খেলোয়াড়দের। করা হয়েছে প্রতিটি বিষয়ের বাছাই করা মতামতের তালিকা। টিম রুলস তৈরি হবে সে তালিকা ধরেই।জিম্বাবুয়ে সফরের আগে সময় খুব কমই পেয়েছেন পাইবাস। তবে এই কৌশল খেলোয়াড়দের সঙ্গে দ্রুত বোঝাপড়ায় তাঁকে সাহায্য করবে বলে মনে করেন তামিম ইকবাল, ‘কোচ আমাদের কাছে জানতে চেয়েছেন ১০ বছর পর আমরা বাংলাদেশ দলকে কোথায় দেখতে চাই। আমরা বলেছি, বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই বা র্যাঙ্কিংয়ের সেরা দল হতে চাই। কোচ আমাদের বলেছেন, এটা লক্ষ্য ঠিক করতে এবং সেই লক্ষ্যে সবাইকে এগোতে। আমি মনে করি, শুরুতেই চিন্তাভাবনার এই বিনিময়টা ভালো। শুধু মাঠের প্র্যাকটিসে অনেক সময় একে অন্যকে পুরোপুরি বোঝা যায় না।’পাইবাসের ক্লাসে যোগ দিয়েছেন সদ্য ইংল্যান্ড-ফেরত আশরাফুলও। অনুশীলনের যে ধরন অনুসরণ করবেন বলে জানিয়েছেন কোচ, সেটাই সবচেয়ে বেশি মনে ধরেছে তাঁর, ‘অনুশীলনে একই কাজ প্রতিদিন না করে যার যেখানে উন্নতি দরকার, সেটা নিয়ে কাজ করবেন কোচ। কারও গড় ৩০ হলে সেটাকে কীভাবে ৫০ করা যাবে, সেই চেষ্টা করতে বলেছেন। এ ছাড়া কোচ কারও সঙ্গে কারও তুলনা করবেন না বলেছেন। অমুক পারলে আমি পারব না কেন, এ রকম তুলনায় না গিয়ে তিনি প্রত্যেকের কাছ থেকে তার সেরাটা বের করে আনতে চান।’ পাইবাসের এই নীতি পছন্দ হয়েছে শাহরিয়ার নাফীসেরও, ‘তিনি আমাদের উদ্দেশ্য ঠিক করে অনুশীলন করতে বলেছেন। এই ক্লাসে কোচ যেসব কথা বলেছেন বা আমরা যেসব মতামত দিয়েছি, সে অনুযায়ী চললে ভালো কিছু হবে।’নিজেদের টিম রুলস ক্রিকেটাররা কতটা ধরে রাখতে পারবে সেটা সময় বলবে। তবে কালকের ক্লাসে সন্তুষ্ট পাইবাস। ‘আমি অনেক দলকে দিয়েই শুরুতে এই কাজটা করেছি। বেশির ভাগ ক্ষেত্রেই নিজেদের চিন্তাভাবনা জানাতে তারা সারা দিন লাগিয়ে ফেলেছে। কিন্তু তোমরা অনেক দ্রুত কাজটা করেছ’—বাংলাদেশি খেলোয়াড়দের এ প্রশংসাটা নাকি ক্লাসেই করে এসেছেন কোচ।