ক্রিকেটাররা আবার মাঠে
আশা দিয়ে চলে গেলেও এখনো ‘হ্যাঁ’ ‘না’ কিছুই বলেননি রিচার্ড পাইবাস। স্টুয়ার্ট ল-র উত্তরসূরি নিয়োগে তাই বিসিবির অপেক্ষা শেষ হয়নি। যাঁকে অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে, সন্তানের অসুস্থতার কারণে সেই শেন জার্গেনসেন ছুটি নিয়ে দেশে। ছুটিতে আছেন ফিল্ডিং কোচ জেসন সুইফটও। আজ থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পটা তাই শুরু হচ্ছে ট্রেনার গ্রান্ট লুডেনের তত্ত্বাবধানে।শুরুর দিকে অবশ্য লুডেনের দায়িত্বই বেশি। ক্যাম্পের প্রথম কয়েক দিন ফিটনেস ট্রেনিং হবে। ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে এরপর যোগ হবে স্কিল ট্রেনিং। শেষ দিকে কেবলই স্কিল ট্রেনিং। ক্যাম্প চলবে আগামী মাসের জিম্বাবুয়ে সফরের আগ পর্যন্ত। সপ্তাহ খানেক চলার পর ২৭ জন থেকে খেলোয়াড়ের সংখ্যা নেমে আসার কথা ২০ জনে। এ মাসের শেষের দিকে ঘোষণা করা হবে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত দল।শুরুটা লুডেনের তত্ত্বাবধানে হলেও ২৩ মে ক্যাম্পে যোগ দেওয়ার কথা জার্গেনসেনের। ক্যাম্পের শুরুতে অবশ্য যোগ দিচ্ছেন না সব খেলোয়াড়ও। সাকিব আল হাসান, তামিম ইকবাল আইপিএলে। মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ডে গেছেন কেন্ট লিগে খেলতে। অধিনায়ক মুশফিকুর রহিম নিয়েছেন তিন দিনের ছুটি। পরীক্ষার ব্যস্ততায় অনেক দিন বাড়ি যাওয়া হয়নি। ছুটি নিয়ে তাই বগুড়ায় গেছেন মুশফিক।গত ২২ মার্চ এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর শুরু হচ্ছে এই ক্যাম্প। ক্যাম্প শুরুর ১১ দিনের মাথায় শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগের বাকি ম্যাচগুলো। লিগের জন্য ছয় ক্লাবের অনুশীলন শুরু হলে কিছুটা ভাটা পড়বে জাতীয় দলের ক্যাম্পে। মুশফিকুর, নাজমুল, শফিউল, জুনায়েদ, শাহাদাত, রাজ্জাক ও নাজিমউদ্দিন—এই সাত ক্রিকেটার ছাড়া ২৭ জনের তালিকার বাকি সবাই কোনো না কোনো দলের হয়ে সুপার লিগের ম্যাচ খেলবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাব্বির খান জানিয়েছেন, ‘ক্লাব ক্রিকেটের অনুশীলন শুরু হলে জাতীয় দলের ক্যাম্প থেকে সুপার লিগে খেলা ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হবে। লিগ শেষে তারা আবার ক্যাম্পে যোগ দেবে।’বিকেএসপি, ফতুল্লার পাশাপাশি সুপার লিগের খেলা হবে বগুড়ায়ও। একে তো প্রচণ্ড গরমে খেলা, তার ওপর ভ্রমণ-ক্লান্তি। খেলোয়াড়দের ওপর চাপ কমাতেই লিগের সময় তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে জাতীয় দলের ক্যাম্প থেকে। তবে লিগের সময় ক্যাম্প বন্ধ হবে না, চলবে ওই সাত ক্রিকেটারকে নিয়েই।বাংলাদেশ দল জিম্বাবুয়ে যাবে ১২ জুন। আগস্টে যাবে ত্রিনিদাদে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না হলেও জুলাইতে আয়ারল্যান্ড-স্কটল্যান্ড সফরেও যাওয়ার কথা আছে তাদের। জাতীয় দলের এই হঠাৎ ব্যস্ত হয়ে ওঠা আন্তর্জাতিক সূচির সঙ্গে নড়েচড়ে উঠছে ‘এ’ দলের কর্মকাণ্ডও। বিসিবি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরে যাওয়ার সম্ভাবনা আছে। দুই বোর্ডের মধ্যে এ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।ভারত সফর সামনে রেখে জুনের প্রথম সপ্তাহে ২০-২৫ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হবে ‘এ’ দলের ক্যাম্প। জিম্বাবুয়ে সফরের দলে সুযোগ না পাওয়া খেলোয়াড়েরা যোগ দেবেন সেই ক্যাম্পে। থাকবেন আজ থেকে শুরু ক্যাম্পের ২৭ জনের তালিকার বাইরের ক্রিকেটারও।