ক্রিকেটাররা চান পূর্ণ নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সর্বোচ্চ সময়সীমা বেঁধে দিলেন এক সপ্তাহ। এর মধ্যে নিশ্চিত জানা যাবে, জানুয়ারিতে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে কি না। কিন্তু এই এক সপ্তাহে কী ঘটবে যে তার ওপরই নির্ভর করছে তিন দিনের এই সফর?ঘটতে পারে অনেক কিছুই এবং সবকিছু প্রত্যাশা অনুযায়ী ঘটলেই কেবল সফরটা হবে। জালাল ইউনুসের ভাষায়, ‘পাকিস্তান সফরে যাওয়ার প্রক্রিয়া চলছে। তবে সফরে বাংলাদেশ যাচ্ছেই, এটা এখনো নিশ্চিত বলা যাবে না।’সফর-প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কাল সন্ধ্যায় জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন। সম্ভাব্য সফর নিয়ে কথা বলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক ও তামিম ইকবালের সঙ্গে।পিসিবি পরশু তিন দিনের একটা সফরসূচি পাঠিয়েছে বিসিবিকে। সূচি অনুযায়ী ১০ জানুয়ারি রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়ে ১২ ও ১৩ জানুয়ারি সিরিজের একমাত্র ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। আগের আলোচনা অনুযায়ী দুটি ম্যাচই হওয়ার কথা লাহোরে। এ ছাড়া সফরের জন্য ৬০ পৃষ্ঠার নিরাপত্তা পরিকল্পনাও পাঠিয়েছে পিসিবি।পাকিস্তান সফরে যেতে কারও ওপর চাপ প্রয়োগ করা হবে না বলে খেলোয়াড়দের জানিয়েছেন এনায়েত হোসেন। তবে নিরাপত্তা পরিকল্পনার সারমর্ম তুলে ধরে তিনি আশ্বস্ত করেছেন, পাকিস্তানে গেলে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মতোই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তার আগে নিরপত্তা পরিকল্পনা পর্যবেক্ষণ করে বিসিবি সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবিকে। বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তে অদৃশ্যভাবে হলেও একটা প্রভাব থাকবে সরকারের। সরকারের পরামর্শ অনুযায়ীই বিজয়ের মাস ডিসেম্বরকে বাদ দিয়ে সফরের জন্য জানুয়ারি মাসকে বেছে নিয়েছে বোর্ড।খেলোয়াড়-ক্রিকেট পরিচালনা প্রধানের সভায় উপস্থিত একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়েই পাকিস্তানে দল পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে খেলোয়াড়দের। পাকিস্তানের অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশের পরও খেলোয়াড়েরা নাকি সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন। সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ না বললেও জানিয়েছেন, রাষ্ট্র এবং বিসিবি পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে পাকিস্তানে যেতে তাঁদের আপত্তি নেই। সবকিছু তাঁরা ছেড়ে দিতে চান বোর্ডের ওপর। সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বলেছেন, ‘যদি সবাই ক্লিয়ারেন্স দেয় আমাদের যেতে আপত্তি থাকার কথা না। আমরা তো খেলতেই চাই।’ তার পরও চূড়ান্ত মতামত জানানোর আগে পরিবারের সঙ্গে কথা বলতে দু-এক দিন সময় চেয়েছেন ক্রিকেটাররা।খেলোয়াড়দের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বিস্তারিত বলতে রাজি হননি এনায়েত হোসেন। শুধু বলেছেন, ‘কেউ না যেতে চাইলে যাবে না। খেলোয়াড়দের কারও কোনো মতামত থাকলে সেটা তারা জানাতে পারে। তবে এখন পর্যন্ত কেউ বলেনি যে সে পাকিস্তানে যেতে চায় না।’ জাতীয় দলের বিদেশি টিম স্টাফের ব্যাপারেও একই কথা তাঁর। যদিও জানা গেছে, টিম স্টাফের কেউ কেউ পাকিস্তান সফর নিয়ে অস্বস্তিতে আছেন।ওদিকে পরশু পাকিস্তানের দৈনিক ডন্ল-এ প্রকাশিত একটি সংবাদ পড়ে বিসিবির কর্মকর্তারা বিস্মিত। সংবাদে দাবি করা হয়েছে, বাংলাদেশ দল পাকিস্তান সফরে না গেলে আসন্ন বিপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের খেলতে দেবে না পিসিবি। এই সিদ্ধান্ত নাকি বিসিবিকে জানানোও হয়েছে। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এই খবরে যারপরনাই বিস্মিত, ‘পিসিবির কাছ থেকে আমরা শুধু সফরসূচি আর নিরাপত্তা পরিকল্পনাই পেয়েছি। বাংলাদেশ দল সফরে না গেলে বিপিএলে পাকিস্তানের খেলোয়াড় পাঠানো হবে না, এ রকম কোনো চিঠি পাইনি।’