ক্রিকেটাররা যখন কয়েদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব অভিযোগ প্রমাণিত। তাঁদের ভাগ্যে কী আছে, সেটা বোঝা গিয়েছিল আগের দিনই। গতকাল সকালে লন্ডনের সাউদওয়ার্ক ক্রাউন আদালতে সালমান বাটরা তাই হাজির হয়েছিলেন ব্যাগট্যাগ নিয়ে একদম প্রস্তুত হয়েই। আদালত থেকে জেলে যাওয়ার প্রস্তুতি। অনুমিতভাবেই কারাদণ্ড হয়ে গেছে তাঁদের এজেন্ট ও বাজিকর মাজহার মজিদসহ পাকিস্তানের তিন ক্রিকেটারের। সালমান বাটকে ২ বছর ৬ মাস, মোহাম্মদ আসিফকে ১ বছর, মোহাম্মদ আমিরকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। মজিদের শাস্তি ২ বছর ৮ মাসের কারাদণ্ড। এ ছাড়া চারজনকেই আদালতের খরচও দিতে হবে।আর এই রায়েই আপাতত পর্দা পড়ল ক্রীড়া ইতিহাসের অন্যতম লজ্জাজনক এক অধ্যায়ের। এই প্রথম ম্যাচ পাতানোর দায়ে জেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটাররা। অবশ্য চারজনেরই সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। এ ছাড়া ভালো আচরণ করেও শাস্তিটা অর্ধেকে নামিয়ে আনতে পারবেন তাঁরা।বিচারক কুক তাঁর রায়ে বলেছেন, বাট, আসিফ, আমির ও মজিদের অপরাধ এতটাই গুরুতর যে একমাত্র জেলে আটকে রাখাটাই উপযুক্ত শাস্তি। সালমান বাটের উদ্দেশ্যে বলেছেন, ‘এটা পরিষ্কার আপনিই এর মূল হোতা। ওই দুই বোলার যাতে সময়মতো নো বল করে সেটা আপনিই নিশ্চিত করেছেন।’বাট, আসিফ ও মজিদকে পাঠানো হচ্ছে দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে। অন্যদিকে মোহাম্মদ আমিরকে ফেল্টহামের কিশোর অপরাধীদের ইন্সটিটিউটে পাঠানোর কথা। যদিও তাঁর আইনজীবী হেনরি ব্লাক্সল্যান্ড বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি আমিরের জন্য জামিন চাইবেন।কিছুদিন আগে বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ছদ্মবেশী সাংবাদিক মাজহার মাহমুদই উন্মোচন করেছিলেন এই স্পট ফিক্সিং কেলেঙ্কারি।এই রায়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে পাকিস্তানে। ক্রুদ্ধ সালমান বাটের বাবা জুলফিকার বাট বলেছেন, ‘আমার ছেলেকে বলির পাঁঠা বানানো হয়েছে। আমাদের নিজেদের লোকেরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’মোহাম্মদ আমিরের বাবা বলেছেন, পাকিস্তান সরকারের উচিত তাঁর ছেলেকে সাহায্য করা। অন্যদিকে সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ খুশি এই রায়ে, ‘শাস্তিটা তাদের পাওনা ছিল। এখন পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ডেরও উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘শুধু ওই ক্রিকেটারদের জন্যই নয়, পাকিস্তানের ক্রিকেটের জন্যই আমার খুব খারাপ লাগছে। আসল ঘটনা হচ্ছে এই খেলোয়াড়েরা দেখেছে পাকিস্তানে দুর্নীতি করে বড় হওয়া যায়। আমিরের জন্য খুব খারাপ লাগছে কারণ ওর বয়স খুবই কম।’ ওয়েবসাইট। রয়টার্স।