ক্রিকেটে আসছেন বোল্ট!
তাঁর যখন শৈশব, কোর্টনি ওয়ালশ তখন পার করছেন ক্যারিয়ারের সোনালি সময়। মাইকেল হোল্ডিংয়ের খেলা দেখা হয়নি। কিন্তু বড় হয়েছেন হোল্ডিংয়ের আগুনঝরা বোলিংয়ের গল্প শুনতে শুনতে। এই দুই জ্যামাইকান হিরো উসাইন বোল্টকেও অনুপ্রাণিত করেছিল বল হাতে তুলতে। তিনিও হতে চেয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের চোয়াল গুঁড়িয়ে দেওয়া ফাস্ট বোলার। কিন্তু তাঁর রানআপ দেখে ক্রিকেট কোচের পরামর্শেই বোল্ট হয়ে যান দৌড়বিদ। বাকিটুকু, যেমনটা লেখা হয়, ইতিহাস।বোল্ট পরিবার থেকেই উঠে আসছে আরেক ক্রিকেটার। সাদিকি বোল্ট। ভাইয়ের মতো সাদিকিও সম্প্রতি গেছেন অস্ট্রেলিয়া সফরে। নিউ সাউথ ওয়েলসের নেটে ব্যাটিং-বোলিং করতেও দেখা গেছে তাঁকে। সেরা অলরাউন্ডার হয়ে ওঠার ইচ্ছা ক্রিস গেইলের এই স্বদেশির। বয়সে এক বছরের ছোট ভাইটি সম্পর্কে উসাইন বোল্ট খুনসুটি করে বলেছিলেন, সাদিকি নাকি পৃথিবীর সবচেয়ে ধীরে দৌড়ানো মানুষ। কিন্তু ২৩ বছর বয়সী সাদিকি নিজের প্রতিভা দিয়ে মুগ্ধই করেছেন নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটারদের। এঁদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার হয়ে ১১৬টি ওয়ানডে খেলা নাথান ব্র্যাকেনও। ব্র্যাকেন অবশ্য নেটে বোলিং করেননি সাদিকিকে। কিন্তু পাশে দাঁড়িয়ে যেটুকু দেখেছেন, তাতে মনে হয়েছে, সিডনি গ্রেড ক্রিকেট টুর্নামেন্টে তাঁর দল ইস্টার্ন সাবার্বস দলে নেওয়া যেতে পারে এই তরুণকে। জ্যামাইকা যুবদলে খেলা এই পেসার-অলরাউন্ডার সম্পর্কে ব্র্যাকেনের রায়, ‘জ্যামাইকার হয়ে যেহেতু খেলেছে, অবশ্যই ওর ভালো স্কিল আছে। দেখলাম, ঘণ্টায় ১২০ কিলোতে বল করছে। ওর ব্যাটিং টেকনিকেও আমি মুগ্ধ। ও তো অলরাউন্ডার। দেখি, ওর কথা ইস্টদের বলব।’সিডনি অলিম্পিক পার্কে অ্যাথলেটিক অল স্টারস অনুষ্ঠানে বড় ভাইয়ের সঙ্গে হাজির হয়েছিলেন সাদিকি। জিজ্ঞেস করা হয়েছিল, সিডনির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে ইস্টার্ন সাবার্বসের হয়ে খেলবেন কি না। সাদিকি সহাস্যে জানিয়েছেন, অবশ্যই খেলবেন। কারণ পৃথিবীকে তিনি দেখিয়ে দিতে চান, অন্তত ক্রিকেটে উসাইন বোল্টের চেয়ে সাদিকি বোল্ট সেরা! ওয়েবসাইট।